তালা উপজেলা পরিষদ চত্বরে হাঁটুসমান পানি

তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের কয়েকটি কার্যালয়ের বারান্দা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কয়েকটি কার্যালয়ে পানি ছুঁই ছুঁই করছে। কার্যালয়ে আসা লোকজনকে হাঁটুসমান পানি পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কপোতাক্ষ নদের তলদেশ ভরাট হয়ে পানি নিষ্কাশন হতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ কমপ্লেক্সের সেটেলমেন্ট, শিক্ষা, মৎস্য, নির্বাচন, সমাজসেবা, কৃষি, পল্লি দারিদ্র্য বিমোচন কার্যালয়ের বারান্দায় পানি উঠেছে। উপজেলা ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টার (ইউটিডিসি) ভবনের ভেতরে পানি ঢুকেছে। উপজেলা পরিষদ চত্বরে হাঁটুসমান পানি। সেখানে সরকারি কোয়ার্টারগুলোর বারান্দায় পানি ওঠার উপক্রম হয়েছে।
সেটেলমেন্ট কার্যালয়ে কাজে আসা তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক এম এম কামরুজ্জামান জানান, মোটরসাইকেল দূরে রেখে হাঁটুসমান পানি পেরিয়ে তাঁকে কার্যালয়ে যেতে হয়েছে। গত কয়েক বছর ধরে একটু ভারী বৃষ্টি হলেই উপজেলা পরিষদ চত্বর এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থাকে মাসের পর মাস।
সেটেলমেন্ট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘আমার কার্যালয়ের সামনে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, কপোতাক্ষ নদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই পানি সরতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দু-তিন বছর থেকে এ অবস্থা হচ্ছে। বিকল্প পথে কীভাবে পানি নিষ্কাশন করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে পানি থই থই করছে। এতে সরকারি কাজকর্মে বিঘ্ন হচ্ছে। সেখানে অধিকাংশ কার্যালয়ের বারান্দায় পানি উঠেছে। পানিনিষ্কাশন কঠিন হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।