তালা ও শ্যামনগরে বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার ঝড়গাছা দৌলতপুর গ্রামে গত শনিবার বজ্রপাতে এক কৃষকের প্রাণহানি ঘটেছে। একই দিন শ্যামনগর উপজেলার জাবাখালি গ্রামে বজ্রপাতে এক চিংড়িঘেরের মালিক মারা গেছেন।
তালায় নিহত ব্যক্তির নাম চিত্তরঞ্জন ঘোষ (৫০)। তাঁর বাড়ি ঝড়গাছা দৌলতপুর গ্রামে। শ্যামনগরে প্রাণহানির শিকার ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৩)। তাঁর বাড়ি ইসমাইলপুর গ্রামে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামনগরের জাবাখালি গ্রামে নিজের চিংড়িঘেরে কাজ করার সময় বজ্রপাতে শফিকুল ইসলাম মারা যান। প্রায় একই সময়ে তালার ঝড়গাছা দৌলতপুর গ্রামের চিত্তরঞ্জন ঘোষ গরুর জন্য ঘাস কেটে ফিরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন শুরু হলে তিনি পাশের মেহগনি বাগানে আশ্রয় নেন। সেখানে বজ্রপাত হলে তাঁর মৃত্যু হয়।