বরগুনার পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলমের কক্ষের তালা খুলে দেওয়ার এবং ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষককে দায়িত্ব পালন করতে দেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে গতকাল রোববার পাথরঘাটা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে ছয়টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা, পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খান, আনোয়ার হোসেন আকন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, অভিভাবক মজিবুর রহমান, সাংবাদিক ইমাম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তিন মাস আগে অবৈধভাবে তালা ঝুলিয়ে দেন পাথরঘাটার ভারপ্রাপ্ত ইউএনও মো. ইকবাল হোসেন। পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের অসৎ দু-একজন শিক্ষকের পরামর্শে কারসাজি করেন তৎকালীন ওই ভারপ্রাপ্ত ইউএনও। এতে আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিদ্যালয়ের লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাই দ্রুত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলমকে তাঁর দায়িত্ব পালন করতে দেওয়ার দাবি করা হয়।
প্রধান শিক্ষক মো. নূরুল আলম বলেন, ‘গত বছরের ৬ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অবৈধভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আজ পর্যন্ত লিখিতভাবে আমাকে কিছুই জানানো হয়নি। আর ওই তালাও খোলা হচ্ছে না।’