তালা ঝুলছে অধিকাংশ বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িঘের দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার-আতঙ্কে দুটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। তালা ঝুলছে অধিকাংশ বাড়িতে।
উপজেলার গাবুরা ইউনিয়নে বৃহস্পতিবার বিরোধপূর্ণ ওই চিংড়িঘের নিয়ে লক্ষ্মীখালী ও গাংড়ামারী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় গতকাল ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৪।
সংঘর্ষের ঘটনায় নিহতেরা হলেন লক্ষ্মীখালী গ্রামের খলিল মোড়লের ছেলে আইজুল ইসলাম মোড়ল (৫৫) এবং গাংড়ামারী গ্রামের আসাদুল্লাহ আল গালিবের ছেলে নূরুন নবী (৪০)।
সাতক্ষীরা শহর থেকে ৯২ কিলোমিটার দূরে শ্যামনগরের লক্ষ্মীখালী গ্রামে গতকাল শুক্রবার সকাল ১০টায় পৌঁছান এই প্রতিবেদক। লক্ষ্মীখালী ও গাংড়ামারী গ্রাম দুটি পাশাপাশি। মাঝখানে একটি মেঠোপথ। এই সকালে অন্য গ্রামের মতো এই গ্রাম দুটিও কর্মমুখর হয়ে ওঠার কথা ছিল। কিন্তু গতকাল দেখা গেল রাজ্যের নীরবতা। নিহতদের বাড়িতে চলছে মাতম। গ্রেপ্তার-আতঙ্কে অধিকাংশ বাড়িই পুরুষশূন্য। নারী ও শিশু ছাড়া কাউকে পাওয়া গেল না।
বিরোধপূর্ণ চিংড়িঘের এলাকায় দেখা গেল পুলিশি পাহারা। জুমার নামাজের সময় দেখা গেল গাংড়ামারী জামে মসজিদ, লক্ষ্মীখালী জামে মসজিদ ও মোড়লবাড়ী জামে মসজিদ প্রায় ফাঁকা।
মসজিদের ইমাম রুহুল আমিন জানান, এসব মসজিদে সাধারণত প্রতি জুমায় গড়ে তিন শতাধিক মানুষ নামাজ আদায় করেন। কিন্তু গতকাল ২০-২৫ জন করে হাজির ছিলেন। নামাজ আদায়কারীদের অধিকাংশই ছিল বৃদ্ধ ও শিশু।
সংঘর্ষের ঘটনায় নিহত আইজুল ইসলাম মোড়লের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জাহানারা খাতুনের দেখা পাওয়া গেল গ্রামের একজনের বাড়িতে। তিনি মাতম করছেন আর বলছেন, ‘আমার স্বামী হত্যার বিচার চাই’। কালীগঞ্জের পারুলগাছায় দেখা হয় নূরুন নবীর স্ত্রী ফারজানা খাতুনের সঙ্গে। প্রলাপ বকছেন আর মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।
আতঙ্কে গ্রাম থেকে পালিয়ে গেছেন গাংড়ামারী গ্রামের নূরুল ইসলাম। তাঁর স্ত্রী মাছুদা খাতুন জানান, তাঁর স্বামী কোনো পক্ষের সঙ্গে ছিল না। এলাকায় গ্রেপ্তার-আতঙ্কের কারণে তিনি বাড়ি ছেড়েছেন। একইভাবে লক্ষ্মীখালী গ্রামের হজরত মোড়লের স্ত্রী সাজেদা খাতুন, রফিকুল সরদারের স্ত্রী তাসলিমা খাতুন, আবু মোছার স্ত্রী কোহিনুর বেগম ও সিরাজুল সরদারের স্ত্রী হাজরা খাতুন জানান, তাঁদের স্বামী বা ছেলেরা কেউ বাড়িতে নেই। পুলিশের ভয়ে পালিয়েছেন। তাঁরা দাবি করেন, তাঁদের স্বামীরা কেউ এ ঘের দখলের সঙ্গে ছিলেন না।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এই উপজেলার কতন্ডা গ্রাম থেকে গতকাল ১০টার দিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল মুজিদ সরদারের পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া, ঘটনার সময় ব্যবহৃত একনলা একটি বন্দুক ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়। এর আগে ঘটনার রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি। পুলিশ একটি সাধারণ ডায়েরি করে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।