তালা ঝুলছে কার্যালয়ে গ্রাহকেরা দিশেহারা
প্রায় তিন মাস ধরে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। বাড়ির সামনে খোলা জায়গায় বড় বড় ঘাস জন্মেছে। এটি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ি এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে একতলা বাড়ি।
আশপাশের বাসিন্দারা জানান, একসময় এখানে মানুষের আনাগোনা ছিল প্রচুর। তিন মাস হলো সবাই চলে গেছেন। ‘এহসান এস বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান প্রায় আট বছর আগে বাড়িটি কিনে কার্যালয় বানিয়েছিল। প্রায় তিন মাস আগে প্রতিষ্ঠানটি এলাকার কয়েক হাজার গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। এখন প্রতিষ্ঠানটির হাজারো গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন।
মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান, এহসান এস বাংলাদেশ প্রতিষ্ঠানটির সঙ্গে কুষ্টিয়া জেলার বিত্তশালীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঠকর্মী হিসেবে কাজে নেওয়া হয়েছিল। মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম এই প্রতিষ্ঠানটি গড়তে সহায়তা করেছিলেন। খোরশেদ আলম স্থানীয় মঙ্গলবাড়িয়া জামে মসজিদের সভাপতি।
খোরশেদ আলম জানালেন, এহসান এস বাংলাদেশ দেশের অনেক জেলায় কাজ করেছিল। কুষ্টিয়া অঞ্চলে তাঁরই তত্ত্বাবধানে মঙ্গলবাড়িয়া এলাকায় বাড়িসহ জমি কিনে কার্যালয় করা হয়েছিল। সেখানে একজন ব্যবস্থাপকসহ আরও তিনজন কর্মকর্তা ছিলেন। এই কার্যালয়ে অল্প সময়ে প্রায় চার হাজার আমানতকারী গ্রাহক তৈরি হয়ে যায়। এঁদের কাছ থেকে টাকা সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতে মাঠপর্যায়ে প্রায় ৩০ জন মাঠকর্মী কাজ করতেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলায় ঝামেলা হওয়ায় গত ডিসেম্বর মাসের দিকে কুষ্টিয়ার ব্যবস্থাপক হঠাৎ পালিয়ে যান। তাঁর মুঠোফোন আজও বন্ধ রয়েছে।
আমানতকারীরা জানান, এক বছর মেয়াদি সঞ্চয়ে প্রতি লাখে মাসে ১ হাজার ৪০০ টাকা, দুই বছর মেয়াদি সঞ্চয়ে প্রতি লাখে মাসে ১ হাজার ৫০০ টাকা এবং তিন বছর মেয়াদি সঞ্চয়ে ১ লাখ টাকায় ১ হাজার ৬০০ টাকা সুদ দিত। এ লোভনীয় সুদে কারবারে আকৃষ্ট হয়ে কুষ্টিয়ার প্রায় ৪ হাজার মানুষ সহায়সম্বল বিক্রি করে মাঠকর্মীদের কাছে টাকা জমা দিতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এহসান এস বাংলাদেশের দুজন মাঠকর্মী জানান, প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন আছে কি না, তা তাঁদের জানা নেই।
এহসান এস কুষ্টিয়া অঞ্চলের মাঠকর্মী খোরশেদ আলম বর্তমানে কুষ্টিয়া কার্যালয়ের জমির মালিক দাবি করে বলেন, ‘ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির সবাই পালিয়ে গেছেন। বাড়িসহ জমিটি বিক্রির প্রক্রিয়া চলছে।’