তালা ঝুলছে, নেই শিক্ষক-শিক্ষার্থী!
গ্রামীণ মেঠো পথের ধারে সুরম্য দ্বিতল বিদ্যালয় ভবন। কয়েক শ গজ দূর দিয়ে বয়ে গেছে নদী। এমন দৃষ্টিনন্দন পরিবেশে দাঁড়িয়ে থাকা বিদ্যালয়টিতে নেই কোনো শিক্ষক কিংবা ছাত্র-ছাত্রী। চিত্রটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের দক্ষিণ গাঙচিল (আশ্রয়ণ প্রকল্প) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেল, দ্বিতল ভবনের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষগুলোর সব কটির দরজায় তালা ঝুলছে। কিছু দূর গিয়ে চোখে পড়ে, ভবনের নিচের ফাঁকা জায়গায় বসে মাছ ধরার জন্য ফাঁদ তৈরি করছেন কয়েক জেলে। তাঁদের একজন মো. আলমগীর।
বিদ্যালয়টিতে পড়াশোনা হয় কি না জানতে চাইলে আলমগীর বলেন, পড়াশোনা হয় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। শিক্ষকেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী আসেন, আর যান।
আলমগীরের কাছ থেকে জানা গেল, বিদ্যালয়টি হয়েছে তিন বছর আগে। বিদ্যালয়হীন এলাকা বলে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে এখানে বিদ্যালয় তৈরি করে দিয়েছে। তবে লেখাপড়া তেমন হয় না বলে নিজের দুই মেয়েকে তিনি এখানে ভর্তি করাননি।
বিদ্যালয়টির পাশেই একটি আশ্রয়ণ প্রকল্পের অবস্থান। গাঙচিল আশ্রয়ণ নামের সেই আবাসন প্রকল্পে ৩৭০টি পরিবারের বসবাস। সেখানে বিদ্যালয়ের বিষয়ে খোঁজ করতেই জানা গেল, আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু শিশু ওই বিদ্যালয়ে পড়ে। অভিভাবকদের সহায়তায় তাদের কয়েকজনের সঙ্গে কথাও হয়।
ওই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, দক্ষিণ গাঙচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন তিনজন। এর মধ্যে সব শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাদের পড়ানো হয়। এরপর ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে মুঠোফোন নম্বর জোগাড় করে যোগাযোগ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইসমাইলের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, বিদ্যালয়টিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি শ্রেণিতে পাঠদান করা হয়। তিন শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ১১৭ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৫১, দ্বিতীয় শ্রেণিতে ৫৫ ও তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী আছে ১১ জন। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আছেন তিনিসহ দুজন। তবে একজন অতিথি শিক্ষকও পাঠদান করেন।
বিদ্যালয়ের নির্ধারিত সময় সকাল নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত হলেও দুপুর সাড়ে বারোটায় ছুটি হয়। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী কম হওয়ায় তাদের সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সঙ্গে পাঠদান করিয়ে তাঁরা চলে যান। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েই এভাবে তাঁরা ক্লাস নিচ্ছেন।
বিদ্যালয় নিয়মিত আসেন কিনা, প্রশ্ন করলে তিনি বলেন, বিদ্যালয় তিনি এবং বাকি দুই শিক্ষক নিয়মিত আসেন। তবে গতকাল উপজেলায় মাসিক বৈঠক থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। তবে প্রতিদিনই উপস্থিত থাকেন।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া চারটার আগে বিদ্যালয়ের শিক্ষকদের স্কুল ত্যাগ করার কোনো সুযোগ নেই। ওই বিদ্যালয়ের শিক্ষকদের আগে ছুটি দেওয়ার কথা তিনি কখনো বলেননি। এ বিষয়ে প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব করা হবে।