বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা রাজশাহী সিটি করপোরেশনের প্রধান ফটকসহ সব স্থাপনায় তালা ঝুলিয়ে গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।
সকাল নয়টায় কর্মচারীরা এসে নগর ভবনের প্রধান ফটক, সিটি করপোরেশন পরিচালিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান এবং নগরের শালবাগান এলাকায় সিটি করপোরেশনের পরিবহন শাখায় তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভকারীরা ফটকের সামনে অবস্থান নেন। তাঁদের বাধার কারণে কোনো কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে ঢুকতে পারেননি। মেয়রও আসেননি কার্যালয়ে।
এদিকে গতকাল বিকেলে মেয়র মোসাদ্দেক হোসেনের ব্যক্তিগত সহকারী চিড়িয়াখানার ভারপ্রাপ্ত তদারকি কর্মকর্তা শেখ আবু জাফর কিছু লোকজন নিয়ে গিয়ে চিড়িয়াখানায় ঝুলানো তালা ভেঙে ভেতরে ঢোকেন। খবর পেয়ে কর্মচারীরা সেখানে ছুটে যান। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ভেতর থেকে সবাইকে বের করে দেয়। কর্মচারীরা নতুন করে তাতে তালা লাগিয়ে দেন।
বেশির ভাগ কর্মচারী সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে বক্তব্য দেন সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ, সংগঠনের উপদেষ্টা এস এম মহিউদ্দীন, আইনবিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য সহকারী জোসনা বেগম প্রমুখ।
রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই আন্দোলন চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ বলেন, রাজশাহী সিটি করপোরেশনে তাঁদের প্রায় ২ হাজার ২০০ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছেন। তাঁদের ৩০০ টাকা করে মজুরি দেওয়া হয়। এবারের বাজেটে ৩০ টাকা বাড়িয়ে তা ৩৩০ করা হয়েছে। বর্ধিত মজুরি এখনো দেওয়া শুরু হয়নি। তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাঁদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত বছর সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী, একজন অদক্ষ শ্রমিককে ৪৫০ এবং একজন দক্ষ শ্রমিককে ৫০০ টাকা মজুরি দিতে হবে। এ ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে, গৃহনির্মাণে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি দিতে হবে, অবসরকালীন ভাতা সম্পূর্ণ প্রদান, স্থায়ী কর্মচারীদের বদলি, কারণ দর্শানো বন্ধ এবং বরখাস্ত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, সাংগঠনিক কাঠামো সংশোধন করে নিয়োগের ব্যবস্থা করা, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, কল্যাণ তহবিল বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন ও স্থায়ী কর্মচারীদের সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
এসব দাবিতে এর আগে গত ১৮ জুন একইভাবে তাঁরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করেছিলেন। সেদিন কর্মচারী ও কর্মকর্তারা ভবনের পকেট গেট দিয়ে ভেতরে ঢুকেছিলেন। পরে কাউন্সিলরদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা দুপুরের পর আন্দোলন স্থগিত করেছিলেন। কথা ছিল, তাঁদের নিয়ে বসে একটা সমাধান করা হবে। কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, সেই অনুযায়ী ৬ জুলাই কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা বসেছিলেন। তাঁরা বলেছেন, কর্মচারীদের প্রধান দাবি বেতন বৃদ্ধির বিষয়টিই কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে না। এরপর তাঁরা বাইরে বের হয়ে বিক্ষোভ করেছেন। গতকাল থেকে তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হলো। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, প্রতিটি সিটি করপোরেশন তাদের আয় অনুযায়ী কর্মচারীদের বেতন দেবে। তাঁরা এবার একটু বেতন বাড়িয়েছেন। ঈদের আগে ১৫ দিনের অগ্রিমসহ বেতন বোনাস দিয়েছেন। তিনি বলেন, চিড়িয়াখানায় তালা দিয়েছে, সেখান থেকে কর্মচারীদের এক মাসের বেতন আসে। আবার গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন ময়লা-আবর্জনায় শহরে দুর্গন্ধ ছড়াবে। তিনি বলেন, এর পেছনে কোনো ইন্ধনদাতা রয়েছে। কেউ অন্যায় করলেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবেশ নেই।