তালা ভাঙা হলো সেই বিদ্যালয়ের
যশোরের মনিরামপুর উপজেলার বাকসপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও কার্যালয়ের তালা গতকাল মঙ্গলবার ভেঙে ফেলা হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ে পাঠদান শুরু হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তিমণি চাকমার নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে বেলা ১১টার দিকে ওই তালা ভাঙা হয়। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোশারফ হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপর হাতুড়ি দিয়ে সাতটি শ্রেণীকক্ষ ও কার্যালয়ের তালা ভেঙে ফেলা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা উল্লাস করেন। বুধবার (আজ) যথানিয়মে পাঠদান শুরু হবে বলে জানান তিনি। যশোর জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও বিদ্যালয় চালু রাখতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।’বিদ্যালয়টি বন্ধ থাকার বিষয়ে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গত সোমবার ‘সাংসদ-সমর্থকদের তালা, ৩৮ দিন বন্ধ বিদ্যালয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক টি এম জাকির হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি দল বিদ্যালয় পরিদর্শন করে। এরপর গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিদ্যালয়ের তালা ভেঙে ফেলা হলো।