তালা ভেঙে দায়িত্ব নেওয়ার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশে ভোলার সিভিল সার্জনকে কুষ্টিয়ায় বদলি করা হয়। আর ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ভোলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বদলি করা সিভিল সার্জন দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আদালতে রিট করেন। গত সোমবার আদালত দুজনকে আপাতত নিজ নিজ স্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু পদোন্নতি পাওয়া সিভিল সার্জন মঙ্গলবার কার্যালয়ের তালা ভেঙে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দিন বিকেল চারটায় সিভিল সার্জন কার্যালয়ের তালা ভেঙে দায়িত্ব নিতে গেলে স্থানীয় লোকজন তাঁকে বাধা দেয়। পরে সিভিল সার্জনের লোকজনের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের বাগিবতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই সিভিল সার্জনকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেয়।ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিভিল সার্জন শাহ আলম শরীফকে গত ৯ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বদলি করে ওই স্থানে ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ টি এম মিজানুর রহমানকে সিভিল সার্জন হিসেবে পদোন্নিত দেয়। কিন্তু শাহ আলম শরীফ দায়িত্ব বুঝিয়ে না দিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ঢাকা চলে যান। জানা গেছে, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না—এই মর্মে এ টি এম মিজানুর রহমান ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট করেন। আদালত সেই রিট খারিজ করে দেন। এদিকে গত ১৯ সেপ্টেম্বর শাহ আলম শরীফ তাঁকে উদ্দেশ্যমূলক ও অন্যায়ভাবে বদলি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটে তিনি উল্লেখ করেন, চার মাসের মধ্যে তাঁকে পটুয়াখালী থেকে ভোলায় বদলি ও দুই মাসের মাথায় ভোলা থেকে বদলি করা উদ্দেশ্যমূলক।শাহ আলম শরীফ জানান, হাইকোর্টের অস্থায়ী একটি বেঞ্চ ২০ সেপ্টেম্বর এক আদেশে তাঁদের দুজনকে আপাতত নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেন। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী বিদেশে থাকায় একই নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দুই সিভিল সার্জনই প্রথম আলোর কাছে ওই নির্দেশের কথা স্বীকার করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের প্রত্যক্ষদর্শী কর্মচারীরা জানান, সিভিল সার্জন পদের দায়িত্ব না পেয়ে এ টি এম মিজানুর রহমান মঙ্গলবার বিকেল চারটার দিকে লোকজন নিয়ে সিভিল সার্জন কক্ষের তালা ভেঙে চেয়ার দখল করে কাজ শুরু করেন। এ সময় স্থানীয় একদল লোক তাঁকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাগিবতণ্ডার সৃষ্টি হয়। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে এ টি এম মিজানুর রহমানকে বের করে দিয়ে কক্ষে তালা মেরে দিয়েছি।’ এ টি এম মিজানুর রহমান জানান, সিভিল সার্জন কার্যালয়ে লোকবল নিয়োগ-সংক্রান্ত কিছু কাজ করার জন্য ওই কক্ষে প্রবেশ করেছেন। তিনি কোনো তালা ভাঙেননি বলে দাবি করেন। সিভিল সার্জন শাহ আলম শরীফ জানান, ঢাকা থেকে ফিরে গতকাল তিনি অফিস করেছেন। কার্যালয়ে এখনো পুলিশ মোতায়েন রয়েছে।