তালা ভেঙে দোকানে ঢোকেন দোকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের ফটোকপি দোকানের চাবি ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সাত দিনেও ফেরত দেয়নি বলে অভিযোগ উঠেছে। চাবি ফেরত পাওয়ার জন্য দোকান মালিক মাসুদ ও তাঁর স্ত্রী কয়েক দিন ধরে প্রক্টর কার্যালয়ে ঘোরাঘুরি করে ব্যর্থ হন। গতকাল রোববার সকালে তালা ভেঙে দোকানে ঢোকেন ওই দোকানি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর একটি সনদ ফটোকপি করে দিতে দেরি করলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে দোকানের মালিক মাসুদ ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামীম হাসানকে মারধর করেন। পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ওই দোকান এবং দোকানে রাখা দুটি ফটোকপি মেশিন ভাঙচুর করে। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাংলা বিভাগের একটি শ্রেণীকক্ষও ভাঙচুর করেন। এ ঘটনায় প্রক্টরের কার্যালয় দোকান ভাঙচুরকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। উল্টো সাধারণ শিক্ষার্থী শামীম হাসানকে জমির উদ্দিনের কাছে ক্ষমা চাইতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ ওই দিনের ঘটনা সমঝোতা হয়েছে বলে জানান। দোকানের মালিক মাসুদ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের নেতারা এক সপ্তাহ পরও আমার দোকানের চাবি ফেরত দেয়নি।’