তালা ভেঙে নয়টি দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মূল সড়কের পাশে অবস্থিত খাবার ও চায়ের নয়টি দোকানে চুরি হয়েছে। গত বুধবার রাতের কোনো একসময় তালা ভেঙে দোকানগুলো থেকে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। ক্যাম্পাসের ওই স্থানে ১৮টি দোকান রয়েছে। দোকানের একাধিক মালিক জানান, বুধবার রাত নয়টার দিকে তাঁরা দোকান বন্ধ করে চলে যান। ভোর ছয়টার দিকে দোকান খুলতে এসে খাবারের দোকানের মালিক মতিয়ার হোসেন ও দেলোয়ার হোসেন পাশের একটি চায়ের দোকানের দরজা খোলা দেখতে পান। এটির পাশের আরও আটটি দোকানের তালা ভাঙা দেখতে পান তাঁরা।মতিয়ার ও দেলোয়ার জানান, দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানে থাকা টাকা, সিগারেট, বোতলজাত পানি, বিস্কুটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। দোকান মালিক সমিতির সভাপতি মো. আলী বলেন, ‘ক্যাম্পাসের সর্বত্র আলোর ব্যবস্থা থাকলেও ওই স্থানে বিদ্যুৎ-সংযোগ নেই। রাতে কুপি ও হারিকেনের আলো দিয়ে আমাদের দোকান চালাতে হয়। জায়গাটি অন্ধকার থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে।’