তালা ভেঙে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে তাঁর চেয়ারে বসাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাস পর তালা ভেঙে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে তাঁর চেয়ারে বসাল। নিজের পক্ষে আদালতের আদেশ পাওয়ার পরও দেড় মাস ধরে রাজশাহী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর কার্যালয়ে বসতে পারেননি। সভাপতি তালা দিয়ে রেখেছিলেন। এত দিন তিনি ক্লাস নিয়ে বাইরে এসে বসে থাকতেন। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) সভাপতি প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা তালা ভেঙে প্রধান শিক্ষককে তাঁর চেয়ারে বসায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আফিজুল হককে এর আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরখাস্ত করেছিলেন। এরপর আবু সাইদ মো. জহুরুল হাসান নামের একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রধান শিক্ষক এ ব্যাপারে মামলা করলে গত ২১ জুলাই আদালত একটি আদেশ দেন। আদেশে প্রধান শিক্ষকের পদে যাতে অন্য কাউকে নিয়োগ করতে না পারে এবং তাঁর দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করতে না পারে, সে জন্য উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়। গত ১ আগস্ট প্রধান শিক্ষক এ আদেশের কপি হাতে পান। তারপর থেকেই তিনি বিদ্যালয়ে যাচ্ছেন। হঠাৎ করে গত ১০ আগস্ট সভাপতি গিয়ে তাঁর কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এরপর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিয়ে বাইরে গিয়ে বসে থাকেন। এদিকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আদালতে একটি আরজি দেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, গতকাল শনিবার প্রধান শিক্ষক তাঁর কার্যালয়ের বাইরে একটি বেঞ্চে বসে ছিলেন। দুপুর ১২টার দিকে সভাপতি ও ম্যানেজিং কমিটির একজন সদস্য প্রধান শিক্ষককে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা চারদিক থেকে সভাপতিকে ঘিরে ধরে জানতে চায়, কেন প্রধান শিক্ষক তাঁর কার্যালয়ে ঢুকতে পারছেন না। এ সময় মাহবুব নামের একজন শিক্ষক প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে কথা বললে আবদুল করিম নামের অপর একজন শিক্ষক তাঁকে মারতে উদ্যত হন। এতে বিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে রাজপাড়া থানার পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা ভেঙে প্রধান শিক্ষককে তাঁর চেয়ারে নিয়ে গিয়ে বসায়। বেলা দেড়টার দিকে রাজপাড়া থানার উপপরিদর্শক পার্থ বিশ্বাস বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সমঝোতা করার চেষ্টা করেন। তিনি বলেন, আদালতের রায়, সবাইকে মেনে নিতে হবে। প্রধান শিক্ষক আদালতে আগের আদেশ বলে কার্যালয়ে বসবেন। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। উপস্থিত সবাই এ কথা মেনে নেন। সভাপতি আবদুল মান্নান বলেন, আদালতের আদেশের বিরুদ্ধে তাঁরা একটি আবেদন করেছেন। আগামী ৫ অক্টোবর তাঁর রায়ের দিন ধার্য রয়েছে। রায় যা হয় তা তাঁরা মেনে নেবেন। শিক্ষার্থীরা তাঁকে ঘেরাও করেছিল কেন জানতে চাইলে তিনি বলেন, ঘেরাও করেনি। প্রধান শিক্ষক তাদের উসকে দিয়েছিলেন। তাই একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল।