তালা ভেঙে স্কুলভবন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকার কথা বলে ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি সদ্য নির্মিত স্কুলভবন প্রায় দেড় মাস তালা মেরে রেখেছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বৃহস্পতিবার এলাকাবাসীর সহায়তায় তালাটি ভেঙে দিয়েছেন।
ভালুকা উপজেলা প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া গ্রামে অবস্থিত স্কুলটির নাম ‘এডুকো শিক্ষালয়’। স্পেনের একটি সাহায্য সংস্থার অর্থায়নে ২০০৫ সাল থেকে এ স্কুলের কার্যক্রম চলে আসছে। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। একটি আধাপাকা ঘরে শিক্ষা কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি ৭০ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক ও শিশুবান্ধব ভবন নির্মাণ করা হয়। ভবনটি গত ১০ আগস্ট উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ওই দিন হবিরবাড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানিয়ে দেন, ভবন নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে তিনি ইট ও বালু বিক্রির টাকা পান। ওই টাকা না দিলে তিনি ভবন উদ্বোধন করতে দেবেন না। এরপর রফিকুল ভবনটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ভালুকার ইউএনও কামরুল আহসান তালুকদারকে জানায়। ইউএনও তালা খুলে দিতে ইউপি সদস্য রফিকুলকে একাধিকবার ফোন করেন। এরপরও তিনি অগ্রাহ্য করায় ইউএনও গতকাল সকালে স্কুলে আসেন। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তালা ভেঙে শিক্ষার্থীদের নতুন ভবনে উঠিয়ে দেন।
ইউএনও কামরুল আহসান বলেন, ‘তিনি টাকা পেতে ইউপি সদস্য রফিকুলকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি কোনো কথা শোনেননি। তাই বাধ্য হয়ে তালা ভেঙে স্কুলটিকে তাঁর কবল থেকে উদ্ধার করতে হয়েছে। আবার তিনি একই কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ইউপি সদস্য রফিকুল তা ধরেননি।