গতকাল ১৪ ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে পড়েন বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। সকাল আটটা পর্যন্ত স্মৃতিস্তম্ভের ফটক বন্ধ থাকায় অনেককে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে দেখা গেছে। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। গতকাল সকাল সাড়ে ছয়টায় নগরের জেলা প্রশাসক ভবনের সম্মুখে নির্মিত মুক্তিযুদ্ধের সঞ্চৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে এসে এমন বিপাকে পড়েন সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে এসে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন বলেন, ‘এই স্তম্ভ করে কী লাভ? সারা বছর তো দেখভাল হয়ই না। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসে দেখলাম তালা দেওয়া।’সকাল সাড়ে ছয়টায় বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ, প্রজন্ম একাত্তর, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম, শিক্ষক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সঞ্চৃতিস্তম্ভ চত্বরে উপস্থিত হন। সেখানে গিয়ে মূল ফটকে তালা ঝুলতে দেখে তাঁরা বিব্রত হন। সকাল সাতটার দিকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের একজন প্রহরী হাতুড়ি নিয়ে আসার পর তালা ভাঙার ব্যবস্থা করা হয়।বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর সমন্বয় পরিষদ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসে এই সঞ্চৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।’বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘কেউ ফিরে যাননি। মূলত সঞ্চৃতিস্তম্ভের কাজ চলছিল। তাই চাবি গণপূর্ত বিভাগের ঠিকাদারের কাছে ছিল। এ ছাড়া এখানে শ্রদ্ধা জানানোর বিষয়টি আগে থেকে কেউ জানায়নি।’ এ ঘটনার জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।