তালা লাগিয়ে ফটোসেশন অতঃপর উধাও!
গতকাল শনিবার সকাল সাড়ে আটটা। অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যান্য অবরোধের দিনের মতোই অঘোষিত বন্ধ। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেপ্তার-রিমান্ডের প্রতিবাদে ও অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা এসে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে বন্ধ ফটকের সামনে একটি ব্যানার হাতে নিয়ে তাঁরা ফটোসেশন করেন। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান।
বন্ধ মূল ফটকের সামনে দাঁড়ানো অবস্থায় তোলা কয়েকটি ছবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মেইলে পাঠিয়েছে ছাত্রদলের ওই অংশটি। খবর পেয়ে কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে তালা কাটে। অবশ্য নুরুল হুদা দাবি করেন, তাঁরা প্রধান ফটকে তালা লাগিয়ে দুই ঘণ্টা অবস্থান নিয়ে কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এবং অবরোধের সমর্থনে নানা স্লোগান দেন ও বিক্ষোভ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা অতিক্রম করে বিক্ষোভ ও সমাবেশ করেন বলেও তিনি দাবি করেন। তবে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গেই আমরা এসে তালা কেটে ফেলি। এ সময় ঘটনাস্থলে কাউকে পাইনি। শুনেছি একটি ছাত্রসংগঠনের কিছু কর্মী তালা লাগিয়েই ঘটনাস্থল থেকে সটকে পড়েন।’