তালাক না দেওয়ায় জামাতাকে নির্যাতন, পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের পুলঘাটা গ্রামে স্ত্রীকে তালাক না দেওয়ায় জামাতাকে নির্যাতনের পর গাঁজাসহ পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার ওই জামাতার নাম আবুল কালাম। তাঁর ভাই মো. রহিম জানান, সদর উপজেলার মিরেশ্বরাই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে আবুল কালামের (৩০) সঙ্গে আবদুল্লাহপুর গ্রামের হবি শেখের মেয়ে নাসিমা বেগমের বছর খানেক আগে বিয়ে হয়। আবুল কালাম গাজীপুরের শ্রীপুর উপজেলার ইস্রাক ​েটক্সটাইল মিলে কাজ করেন। গত সোমবার সকালে নাসিমা বাবার বাড়ি থেকে তাঁকে গাজীপুরে নিয়ে যেতে কালামকে খবর দেন। কালাম সোমবার রাতে শ্বশুরবাড়ি যান। এ সময় শ্বশুরবাড়ির লোকজন নাসিমাকে তালাক দিতে কালামকে চাপ দেন। এতে তিনি রাজি না হলে স্ত্রীর বড় ভাই তাজুল (৩৫), শ্বশুর হবি সেখ (৫৫), শাশুড়ি খোরশেদা বেগম এবং স্থানীয় লোকজন তাঁর হাত-পা বেঁধে মারধর করেন। পরে ১০০ গ্রাম গাঁজাসহ তাঁকে পুলিশে সোপর্দ করেন শ্বশুরবাড়ির লোকজন।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ছেলেটিকে এলাকার চেয়ারম্যান গাঁজাসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এখানে অন্য কোনো বিষয় থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘ছেলেটির সঙ্গে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। ছেলেটি নাকি তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করত। তাই মেয়েটি স্বামীর সংসার করতে ইচ্ছুক নয়। ওই দিনও ছেলেটি শ্বশুরবাড়িতে এসে মেয়েটিকে নির্যাতন করেছে। তাই মেয়ের পরিবার ও এলাকার লোকজন তাকে আটক করেন। এ সময় তার কাছে গাঁজা পাওয়া যায়। তাই গাঁজাসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে জানতে আবুল কালামের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।