তালাকের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নারীদের উন্নয়নে সরকার অনেক ধরনের বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। তবে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, অজ্ঞতা, অসচেতনতাসহ বিভিন্ন কারণে সমাজে তালাকের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।

আইনমন্ত্রী আরও বলেন, বিবাহ নিবন্ধন গুরুত্বপূর্ণ। কেননা এটি মানুষের অধিকার আদায়ের দলিলপত্র। তবে বিবাহ নিবন্ধন না হলে আইনে শাস্তির বিধান আছে সে বিষয়েও অনেকে অবগত নন।
আজ সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী (বিএনডব্লিউএলএ) সমিতি আয়োজিত মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪ এর ওপর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর এক হোটেলে আয়োজিত এ কর্মশালায় বিএনডব্লিউএলএর পক্ষ থেকে ১৯৭৪ সালের আইনটিতে সংশোধন ও সংযোজন প্রস্তাব উপস্থাপন করেন ওই সংস্থার আইনজীবী তাওহিদা খন্দকার। আইনমন্ত্রী প্রস্তাবটি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
কর্মশালায় তালাক এবং দেনমোহরের বিষয় বেশি আলোচিত হয়। একই সঙ্গে শুধু মুসলিম নারী নয়, অন্য ধর্মের নারীরাও যাতে পারিবারিক বিষয়ে আইনের আওতায় সুরক্ষা পান সে বিষয়টিও আলোচিত হয়। মুসলিম নারীদের বিয়েতে দেনমোহর নির্ধারণের সময় বর তা পরিশোধ করতে পারবে কি না সে বিবেচনা যাতে থাকে তাও উত্থাপিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি ইমান আলী বিএনডব্লিউএলএর খসড়া প্রস্তাবের সঙ্গে মূল আইনের কয়েকটি ধারায় কিছু অসামঞ্জস্য তুলে ধরেন। তিনি আইন প্রণয়ন বা সংশোধনের সময় সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্য রাখার সুপারিশ করেন। এ ছাড়া তিনি এ ধরনের আইন সংশোধনের সময় কোরআনিক ব্যাখ্যাকে সামনে রেখে অগ্রসর হওয়ারও সুপারিশ করেন। বিয়ের দিনই দেনমোহর পরিশোধ করা, বিয়ের সময়ই এবং তালাক কার্যকরের পরেই রেজিস্ট্রেশন করার ওপর তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর প্রেসিডেন্ট ফাওজিয়া করিম ফিরোজ। তিনি বলেন, বিয়ের আসরেই দেনমোহর পরিশোধ করা উচিত। যদি এ টা করা সম্ভব নাও হয় তখন দেনমোহরের টাকা পরিশোধ করার পরই তালাক কার্যকর করার বিধান করা গেলে মামলার সংখ্যা কমবে। এখন দেখা যাচ্ছে হয়তো কারও দেনমোহর ছিল ২০ হাজার টাকা, মামলা করতে গিয়ে আইনজীবী নিয়োগ, আসা যাওয়ার খরচসহ বিভিন্ন খরচে শেষ পর্যন্ত সেই নারীকে খালি হাতে ফিরতে হয়।
রেজিস্ট্রেশন না থাকার ফলে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হলেও আইনি সুরক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন ফাওজিয়া করিম ফিরোজ। তিনি ১৯৭৪ সালের আইনটি সংশোধনের পাশাপাশি বিয়ে পড়ানোর আগে কাজি একটি ক্লিক করেই যাতে বর কনের সব তথ্য জানতে পারেন সে ধরনের ডিজিটাল ব্যবস্থার বিষয়টিতে গুরুত্ব দেন।
তালাকের পরিসংখ্যান অনুযায়ী নারীরা বেশি তালাক দিচ্ছে, সে ক্ষেত্রে অনেক নারী দেনমোহর আদায় পর্যন্ত অপেক্ষা করে না বলেও জানালেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা ইকবাল হোসেন। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ৮০ শতাংশ তালাকই দিচ্ছে নারীরা। তাঁরা নির্যাতনের হাত থেকে বাঁচতেই তালাক দেন। তাই দেনমোহর পরিশোধ করার পরই তালাক কার্যকর করার বিধান করা হলে তা নারীদের নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
তবে এ বক্তব্যের সঙ্গে আইনমন্ত্রী এবং কর্মশালার অন্যরা একমত হননি। আইন মন্ত্রী বলেন, ‘নারীরা তালাক দিলেও দেনমোহর আদায় বাধ্যতামূলক। আর দেনমোহর উসুলটুসুল না, ইন ক্যাশ (নগদ) দিতে হবে।’
কর্মশালার সঞ্চালক বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী নিকাহ নামার সব কলাম পূরণ বাধ্যতামূলক করা, সালিশী পরিষদকে কার্যকর ও শক্তিশালী করা, নিকাহ নিবন্ধকের জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিয়ের বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্রকে প্রমাণ হিসেবে গ্রহণ করাসহ বিভিন্ন সুপারিশ করেন।
আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাউজুল আজীম বিয়ের আচার যার যার ধর্ম অনুযায়ী অনুষ্ঠিত হলেও জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো একটি অভিন্ন বিয়ে নিবন্ধন ফরম করার বিষয়টিতে গুরুত্ব দেন।
কর্মশালায় কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস এর টিম লিডার জেরম সায়ার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক হাসিনা বেগম, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি খলিলুর রহমান সরদার প্রমুখ আলোচনায় অংশ নেন।