তালাবদ্ধ একমাত্র ক্যাফেটেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ ক্যাফেটেরিয়া ষ ছবি: প্রথম আলো
বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ ক্যাফেটেরিয়া ষ ছবি: প্রথম আলো

‘পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখি এক কাপ চা’ শিরোনামহীন ব্যান্ডের এই গানটি বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রতিটি শিক্ষার্থীর হূদয় ছুঁয়ে যায়। ক্যাফেটেরিয়া একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুষঙ্গ হলেও রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়াটি  তিন মাস ধরে তালাবদ্ধ। ক্যাফেটেরিয়াটি চালু করতে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। কৃষি অনুষদের ছাত্র মনজুরুল আরেফিন অভিযোগ করে বলেন, ‘সারা দিন ক্লাস করে বিকেলে একটু ক্যাফেটেরিয়ায় বসে বন্ধুদের সঙ্গে গল্প করব, সে সুযোগটাও নেই।’

প্রশাসন সূত্র জানায়, ১৯৯০ সালে চালু হয় ক্যাফেটেরিয়াটি। সকাল আটটায় চালু হয়ে বন্ধ হতো রাত ১০টায়। সকালে পাওয়া যেত পরোটা-সুজি ও ডিম-খিচুড়ি। দুপুরে ভাত-মাংস, মাছ মাঝেমধ্যে। রাতেও তাই। বিকেলে মিলত চা-পুরি ও পাটিসাপটা পিঠা। দুপুর ও রাতের খাবারের দাম নেওয়া হতো ৪০ টাকা করে। আর সকালের নাশতার দাম ৩০ টাকা। তবে, ক্যানটিনে প্রশাসন সামান্য কিছু ভর্তুকি দিত।

শিক্ষার্থীরা জানান, ক্যাফেটেরিয়াটি বন্ধ হয়ে যাওয়ায় অনাবাসিক শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়েছেন। কারণ সারা দিন ক্লাস করে দুপুরে তাঁরা ক্যাফেটেরিয়াতেই খাবার খেতেন।

হলের একাধিক শিক্ষার্থী জানান, কোনো অতিথি এলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। হলের ক্যানটিনে অতিথিদের খাওয়ানোর নিয়ম নেই। সে ক্ষেত্রে ক্যাফেটেরিয়াই ছিল একমাত্র অবলম্বন।

তবে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক শিক্ষার্থী। এক শিক্ষার্থীর অভিযোগ, ক্যাফেটেরিয়ায় একটি রেফ্রিজারেটর থাকলেও গরমের দিনে কখনো ঠান্ডা পানি পাওয়া যায়নি। খাবারের মান উন্নত করে দ্রুত ক্যাফেটেরিয়াটি খুলে দেওয়ার জন্য দাবি জানান তিনি।

ক্যাফেটেরিয়ার সাবেক পরিচালক ইফতেখারুল আলম অবশ্য দায়ী করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রনেতাদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা এবং বিভিন্ন সময় ছাত্রনেতাদের স্বেচ্ছাচারিতার জন্য প্রশাসনের কাছে মোটা অঙ্কের টাকা দেনা হয়ে যায় প্রতিষ্ঠানটির।

ক্যাফেটেরিয়া বন্ধ হওয়ার জন্য অন্য কারণও উল্লেখ করলেন তিনি, শীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় লাকড়ি দিয়ে জ্বালানির কাজ চালাতে হয়েছে, যা অনেক ব্যয়বহুল। ক্যাফেটেরিয়ার পাশে ‘কৃষকরত্ন শেখ হাসিনা হলের’ নির্মাণকাজ হওয়ায় কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। এরপর চালু করা হলেও কর্তৃপক্ষ তালাবদ্ধ করে দেয়।

অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি সূত্র জানায়, মূলত ইফতেখারুল আলম ক্যাফেটেরিয়াটি নিজে পরিচালনা না করে অন্যদের দিয়ে পরিচালনা করছিলেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। তবে ছাত্র পরামর্শক ও উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আশা করছি অতি   দ্রুত ক্যাফেটেরিয়াটি চালু করা   সম্ভব হবে।’