ফেনীর সোনাগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তালাবদ্ধ একটি ঘর থেকে গতকাল শনিবার একজন প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আজিজুল করিম ওরফে লিটনের (৩০) বাড়ি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রবাসী। সম্প্রতি আজিজুল করিম ছুটিতে বাড়ি আসেন।
পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, জমিজমা নিয়ে আজিজুল করিমের পরিবারের সঙ্গে প্রতিবেশী নুরুল আফসারের পরিবারের বিবাদ চলে আসছে। গত শুক্রবার সকালে নুরুলের সঙ্গে আজিজুলের ঝগড়া হয়। দুপুরের পর থেকে তিনি (আজিজুল) নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে আজিজুলকে না পেয়ে রাতে সোনাগাজী থানায় মামলা করেন আজিজুলের মা ছায়েরা খাতুন। মামলায় আজিজুলকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মামলায় নুরুল আফসার, প্রতিবেশী মো. তারেক, জামশেদ আলম, জিয়াউল হক ও সুরমা বেগমসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় পাঁচ-ছয়জনকে।
পুলিশ জানায়, পুলিশ রাতে আসামিদের বাড়িসহ সম্ভাব্য স্থানে আজিজুলের খোঁজে তল্লাশি চালায়। একপর্যায়ে নুরুলের চাচাতো ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী ছুট্টু মিয়ার বাড়ির একটি তালাবদ্ধ ঘরে সন্দেহবশত পুলিশ আরেকটি তালা লাগিয়ে দেয়। গতকাল দুপুর ১২টার দিকে ওই ঘর থেকেই হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আজিজুলের লাশ উদ্ধার করা হয়। বিকেলে ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লিটনের মা সায়েরা খাতুন অভিযোগ করেন, আজিজুল বাড়ি আসার পর থেকে তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন নুরুল।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ বলেন, হাত-পা ও মুখ বেঁধে পিটিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে আজিজুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নুরুল আফসারের স্ত্রী সুরমা বেগম (৪৫) ও মেয়ে হামিদা আক্তার (২০)। নুরুলসহ অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।