তালাবদ্ধ ঘরে স্ত্রীর লাশ, স্বামী লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে গত শনিবার সকালে তালাবদ্ধ বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাহমিনা আক্তার বিলকিস নামের ওই গৃহবধূর স্বামী শামীম আহমদের কোনো খোঁজ না পেয়ে গত শনিবার রাতে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, কানাইঘাট উপজেলার গোরকপুর গ্রামের মৃত মুস্তাাকিম আলীর ছেলে শামীম আহমদের (২৮) সঙ্গে পাশের জৈন্তাপুর উপজেলার নয়াখেল দক্ষিণ গ্রামের মুহিবুল আলমের মেয়ে তাহমিনা আক্তার বিলকিসের (২৩) বিয়ে হয়। বিয়ের প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও তাঁদের কোনো সন্তান ছিল না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে প্রতিবেশীরা শুনেছেন। শনিবার সকাল থেকে তাঁদের বসতঘরের সামনের দরজায় তালা ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর ঘরের পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখা যায়, বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছেন বিলকিস।প্রতিবেশীরা কানাইঘাট থানায় খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে ঘর থেকে বিলকিসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্র জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলকিসকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে বিলকিসের স্বামী পলাতক থাকায় এ ব্যাপারে তাঁকেই অভিযুক্ত করা হচ্ছে।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী রুহুল আমিন জানান, এ ঘটনায় বিলকিসের বাবা মুহিবুল আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিলকিসের স্বামী শামীমকে খুনি হিসেবে অভিযুক্ত করায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে।