তালাবদ্ধ থাকে ইউপি ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনগুলো বেশির ভাগ সময় থাকে তালাবদ্ধ। ইউপির নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তারা এখানে নিয়মিত বসেন না। ফলে তৃণমূল পর্যায়ের লোকজন এখানে সেবা নিতে এসে দুর্ভোগের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে। দু-একটি বাদে সব ইউনিয়নেরই নিজস্ব ভবন রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব ভবন নির্মাণ করেছে। দ্বিতল বিশিষ্ট আধুনিক এসব ভবনে রয়েছে একাধিক কক্ষ। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা আছে। এ ছাড়া কৃষি, প্রাণিসম্পদ বিভাগসহ সরকারের একাধিক দপ্তরের মাঠপর্যায়ে কর্মী ও কর্মকর্তাদেরও বসার ব্যবস্থা রয়েছে সেখানে।

সরেজমিনে দেখা যায়, নান্দাইল-হোসেনপুর সড়কের পাশে দাঁড়িয়ে আছে আচারগাঁও ইউপি ভবন। চলতি মাসে একাধিকবার গিয়েও ওই ভবন বন্ধ পাওয়া যায়। আচারগাঁও বীরপাড়া গ্রামের আবদুল হেলিম (৫৫) বলেন, ‘চেয়ারম্যান-মেম্বাররা এইহানো আয়ে না, অফিস খুলব কেডা।’ কার্যালয় না খোলার বিষয়ে কথা বলতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেনের মুঠোফোনে গতকাল রোববার একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, এই ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রটি নান্দাইল পৌর শহর থেকে পরিচালনা করা হয়।

নান্দাইল-গফরগাঁও সড়কের পাছরুখি বাজারের কাছে অবস্থিত শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়। একাধিকবার গিয়ে এই ইউপি ভবনটিও বন্ধ পাওয়া গেছে। ভবনটির বিপরীতে অবস্থিত মুদি দোকানের মালিক মো. আবদুল্লাহ বলেন, মাসের বেশির ভাগ সময় ভবনটি বন্ধই থাকে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষ সমস্যায় পড়ে ইউপি কার্যালয়ে গিয়ে জনপ্রতিনিধিদের পাওয়া যায় না। সনদ সংগ্রহ করতে মানুষকে দিনের পর দিন ঘুরতে হয়। বিদ্যুৎসহ সব সুবিধা থাকার পরও তথ্যসেবাকেন্দ্রটিও এখানে নেই। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে শেরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব উদ্দিনও ফোন ধরেননি।

রাজগাতী ইউনিয়নে অবশ্য ইউপি ভবন নেই। ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, স্থানীয় কালীগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যানের নিজস্ব বাড়ি রয়েছে। সেখান থেকেই পরিষদের কাজকর্ম চালানো হচ্ছে। আর ইউপির তথ্যসেবাকেন্দ্রটি বাজারের একটি দোকান থেকে পরিচালনা করা হচ্ছে।

নান্দাইল ইউনিয়ন পরিষদ ভবনটি সদ্য নির্মিত হয়েছে। বিদ্যুৎ-সংযোগ না থাকায় এখনো ইউপির কাজকর্ম শুরু হয়নি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভবনটির নির্মাণকাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। আসবাবও ভালো না। জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘চোখে যা দেখা যায় তা অস্বীকার করি কীভাবে।’

সিংরইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় জমি না পাওয়ায় তাঁর ইউনিয়ন পরিষদের জন্য ভবন নির্মাণ করা যাচ্ছে না। তাই স্থানীয় ভোরাঘাট বাজারের একটি দোকান থেকে ইউপির দৈনন্দিন কাজকর্ম চালানো হচ্ছে। ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রটিও সেখানে রয়েছে বলে জানান তিনি।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করেন। ইউপি ভবনের চাবি না পাওয়ায় তাঁরা সেখানে বসতে পারেন না। এ ছাড়া কৃষি বিভাগের একটি অপেক্ষমাণ প্রকল্প রয়েছে। সেটি চালু হলে কৃষি বিভাগের লোকজনকে প্রতিদিন ইউপি ভবনে অফিস করতে হবে। তখন তাঁরা কোথায় অফিস করবেন বুঝতে পারছেন না বলে জানান কৃষি কর্মকর্তা।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ইউপি ভবন নিয়মিত খোলা না হলে তৃণমূল পর্যায়ের মানুষ যে নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। এ বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন সরকারি দপ্তর ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলবেন বলে জানান।