নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র গত বৃহস্পতিবার তালাবদ্ধ ছিল। তাই রোগীরা এসে সেবা না পেয়ে ফিরে গেছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এ করুণ চিত্রই দেখতে পান। ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ পাওয়া গেছে। এ বিষয়টি বৃহস্পতিবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।সরেজমিনে বৃহস্পতিবার দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক বন্ধ রয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে মলমূত্র ও আবর্জনার স্তূপ। রোগীরা এসে ফিরে যাচ্ছে।এগারনলী গ্রামের রোগী আখিরন বেগম বলেন, ‘এত দূর থেকে এসেও ডাক্তার না পায়ে ফিরে যাচ্ছি।’ লাহুড়িয়া বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্র বেশির ভাগ দিন বন্ধ থাকে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ওই উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ চারটি পদ আছে। এর মধ্যে চিকিৎসা কর্মকর্তা মাতৃত্বকালীন ছুটিতে আছেন এবং চিকিৎসা সহকারীর পদটি শূন্য। তবে ফার্মাসিস্ট ও পিয়ন অফিসে থাকার কথা ছিল। তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি দেখব।’