তালাবদ্ধ বাসায় আগুন, দরজা ভেঙে গৃহকর্মীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের গৃহকর্মী শ্যামাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে বাইরে গিয়েছিলেন বাসিন্দারা। ওই বাসারই একটি কক্ষে লাগে আগুন।

ভয়ে ওই গৃহকর্মী ঢুকে পড়ে বাসার শৌচাগারে। খবর পেয়ে বাসার দরজা ভেঙে শৌচাগার থেকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়ায় শ্বাসকষ্ট হওয়ায় ওই মেয়েটিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ধানমন্ডির পুরাতন ৩২ এলাকার ২১ নম্বর সড়কে একটি বাড়ির পাঁচতলার বসার কক্ষে আগুন ধরে। আশপাশের লোকজন খবর পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে বসার কক্ষের প্রায় সব আসবাব পুড়ে যায়। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল আলীম ‘প্রথম আলো’কে বলেন, ওই বাসাটি তালাবদ্ধ ছিল। এর বাসিন্দারা তালা লাগিয়ে বাইরে কোথাও ঘুরতে যান। কিন্তু বাসার গৃহকর্মী ছিল ভেতরে। এমন তথ্য পেয়ে ওই বাসার শৌচাগার থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ওই গৃহকর্মী আগুন লাগার পর ভয়ে ওই শৌচাগারে ঢুকে গিয়েছিল। উদ্ধারের পর স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর গৃহকর্মীকে ওই বাসার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

জানতে চাইলে বাসার মালিক জাহিদ আহমেদ বলেন, বাসা তালাবদ্ধ করে তাঁরা পাশেই এক পরিচিতের বাসায় গিয়েছিলেন।