তালায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বদরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৬ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।

বদরুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করায় ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, উপজেলার তৎকালীন বিএনপি সভাপতি এ বি এম আলতাফ হোসেনকে ২০০৪ সালের ৪ মে বোমা মেরে হত্যা করা হয়। ওই মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া চলতি বছরের ৩০ এপ্রিল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউপির সদস্য ইনছার আলী গোলদার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে বদরুজ্জামান বর্তমানে কারাগারে রয়েছেন।