তালায় ক্ষুরা রোগে গরু-ছাগল মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে গরু-ছাগল ক্ষুরা রোগে আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে গত পাঁচ দিনে ছয়টি উন্নত জাতের গরু ও তিনটি ছাগল মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক গরু-ছাগল। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সরবরাহ না থাকায় প্রতিষেধক দেওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খলিলনগর গ্রামের হাছিম গাজীর একটি গরু ও একটি ছাগল মারা যায়। শুক্রবার ছমির সরদারের একটি গরু ও দুটি ছাগল মারা যায় এবং গঙ্গারামপুর গ্রামের মোকবুল গাজীর একটি গরু মারা যায়। একইভাবে সোমবার সকালে কাপালিপাড়ার সুকুমার মণ্ডলের একটি গাভি, সাধন মণ্ডলের একটি গাভি ও রাজেন মণ্ডলের একটি গাভি মারা যায়। সুকুমার মণ্ডল জানান, শনিবার থেকে তাঁর উন্নত জাতের একটি গাভির মুখ দিয়ে লালা ঝরতে থাকে। মুখে ও পায়ে ঘা দেখা দেয়। গায়ে প্রচণ্ড তাপ ছিল। এ অবস্থায় গরু খাওয়া বন্ধ করে দেয়। সোমবার সকালে গাভিটি মারা যায়।
খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ বলেন, তাঁর ইউনিয়নে অর্ধশতাধিক গরু ও ছাগল অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার রায় জানান, একটি ইউনিয়নের কয়েকটি গ্রামে হঠাৎ করে এ রোগ দেখা দিয়েছে। ওই রোগের ওষুধ (ভ্যাকসিন) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে না থাকায় গতকাল মঙ্গলবার জেলা কার্যালয়ে লোক পাঠানো হয়েছে। ভ্যাকসিন এলে তা প্রয়োগ করা হবে।