তালায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত
তালায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যেই ৩০টি গ্রামের ছয় হাজার পরিবারের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। খাদ্য-সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া, কৃষ্ণকাঠি, চরকানাইদিয়া, জেঠুয়া, ইসলামকাঠি ইউনিয়নের ঘোনা, কাজিডাঙ্গা, ভবানীপুর, খরাইল, নারানপুর, তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া, ধলবাড়িয়া, দেওয়ানীপাড়া, খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর, ঘোষনগরসহ ৩০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা চত্বরে সেটেলমেন্ট, কৃষি, সমাজসেবাসহ কয়েকটি কার্যালয়ে পানি প্রবেশ করেছে।
জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, কপোতাক্ষ নদের বেড়িবাঁধ উপচে চারদিক পানিতে তলিয়ে গেছে। এ অবস্থার মধ্যে শিশুরা ভেলায় করে বিদ্যালয়ে যাচ্ছে। অনেকে উঁচু রাস্তার দুই ধারে আশ্রয় নিচ্ছে। এলাকার অধিকাংশ রাস্তাই পানিতে তলিয়ে রয়েছে। এলাকার মানুষের হাতে কাজ নেই। কাজের সন্ধানে অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। চর্ম রোগেও আক্রান্ত হয়ে পড়েছেন অনেকে।
কানাইদিয়া গ্রামের হাজরা বিবি জানান, মঙ্গলবার রাতে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। উজানের পানির সঙ্গে বৃষ্টির পানিতে কপোতাক্ষ নদের বাঁধ উপচে গ্রামে পানি ঢুকে সব একাকার হয়ে যায়। ঘরে পানি ঢোকায় প্রথমে মাচা করে এবং পরে রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন। অসুস্থ স্বামীকে নিয়ে কীভাবে দিন পার করবেন, তা বুঝতে পারছেন না।
ভেলায় করে ভাইবোনদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মুক্তা খাতুন জানায়, মঙ্গলবার বেড়িবাঁধ উপচে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যায়। রাস্তাঘাট কিছুই ডুবতে বাকি নেই। রান্না করার মতোও জায়গা নেই। যদি সকালে খাই, তাহলে দুপুরে খাওয়া হচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে। চারপাশে শুধু পানি আর পানি।
খাদিজা বেগম জানান, নোংরা ও পচা পানিতে চুলকানি রোগ হচ্ছে। শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে। এ ছাড়া খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম মফিদুল হক জানান, তাঁর এলাকায় আট শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। ইসলামকাঠি ইউপির চেয়ারম্যান গোলাম ফারুখ জানান, তাঁর এলাকায় ছয়টি গ্রামের পাঁচ শতাধিক পরিবার এক মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ। মঙ্গলবার বাঁধের উপচে পড়া পানিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, তাঁর কার্যালয়সহ উপজেলার কয়েকটি কার্যালয় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। অনেক কার্যালয়ের ভেতরে পানি উঠে গেছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিরুল হাসান জানান, প্লাবিত এলাকায় চিকিৎসা দল পরিচালনা করা হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কার্যালয়ের লোকজন প্লাবিত এলাকায় জরিপের কাজ করছেন। জরিপ শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। তবে প্লাবিত এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।
ইউএনও মাহবুবুর রহমান বলেন, উজান ও বৃষ্টির পানিতে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। জেলা প্রশাসকের দপ্তর থেকে বিতরণের জন্য ১০ মেট্রিক টন চাল পাওয়া গেছে।