তালায় বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, দুটি গ্রাম প্লাবিত
সাতক্ষীরার তালা উপজেলায় শালিখা নদী ও কপোতাক্ষ নদের সংযোগস্থলের বাঁধ গত শুক্রবার রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে ওই বাঁধসংলগ্ন খেশরা ইউনিয়নের কাটিপাড়া ও শালিখা গুচ্ছগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শিগগির বাঁধের কাটা স্থান মেরামত করা না হলে আশপাশের আরও ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কপোতাক্ষ নদ ও শালিখা নদীর সংযোগস্থলের বেড়িবাঁধ কেটে দেওয়ায় পানির তোড়ে ভেঙে গেছে শালিখা মোড়ের বেড়িবাঁধ। ভেসে গেছে শালিখা নদীর ওপর অস্থায়ীভাবে নির্মিত সাঁকো।
শালিখা গুচ্ছগ্রামের বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘বাঁধ তাড়াতাড়ি না বাঁধলি সব ডুবে মানুষের দুর্গতির আর শেষ থাকবি না।’
খেশরা ইউপির চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন বলেন, শালিখা নদী খননের কাজ যথাযথভাবে হয়নি। কাজের অনিয়ম বৈধ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনই বেড়িবাঁধ কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী মশিয়ার রহমান বলেন, শালিখা নদীর যে অংশের খননকাজ হচ্ছে, তা শেষ হয়েছে জুন মাসের মাঝামাঝি। এ বাঁধ খননকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখানে কোনো স্বার্থ নেই। বাঁধ কাটলে কাটতে পারেন চিংড়িঘেরের মালিকেরা। এ বাঁধের কারণে পাখিমারা বিলে চিংড়িঘেরের মালিকদের পানি তুলতে সমস্যা হচ্ছিল।