তালায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে কাকলী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কাকলীর বাবা খুলনার ফুলতলা উপজেলার পাড়িয়াডাঙ্গা গ্রামের হাসেম শেখ জানান, পাঁচ বছর আগে তাঁর মেয়ের সঙ্গে শ্রীমন্তকাটি গ্রামের হারুন-অর-রশিদের বিয়ে হয়। তাঁদের সংসারে চাঁদনী নামে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের সময় তিনি হারুনকে যৌতুক হিসেবে ৮০ হাজার টাকা, সোনার গয়না ও অন্যান্য মালামাল দেন। পরে বিদেশ যাওয়ার জন্য আবারও হারুন আড়াই লাখ টাকা দাবি করেন। কিন্তু ওই টাকা দিয়ে অপারগতা প্রকাশ করায় কাকলীর ওপর নির্যাতন শুরু করেন হারুন। গতকাল সকালে ঝগড়ার একপর্যায়ে হারুন পিটিয়ে কাকলীকে আহত করে। পরে তাঁকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর হারুন ও তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

হারুন-অর-রশিদের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

হারুনের চাচা সহিদুল মোড়ল জানান, হারুন প্রায় তাঁর স্ত্রীকে মারধর করতেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে একাধিক স্থানেসহ গলায় জখমের দাগ রয়েছে। এ ঘটনায় হাসেম শেখ থানায় একটি এজাহার দিয়েছেন।