তালায় ২০টি গ্রামের আট হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে সাতক্ষীরার তালা উপজেলার বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহ ধরে ডুবে আছে। পানিবন্দী রয়েছে ২০টি গ্রামের প্রায় আট হাজার মানুষ। ভেসে গেছে তিন শতাধিক ঘের।
জানা গেছে, তেঁতুলিয়া ইউপির ধলবাড়িয়া, নওয়াপাড়া, দেওয়ানীপাড়া, কলাপোতা, হাটবাস; কুমিরা ইউপির মির্জাপুর, রাঢ়ীপাড়া, পুটিয়াখালী, কুমিরা; জালালপুর ইউপির কৃষ্ণকাটি জেটুয়া, কাদিয়া, চারকাইদিয়া এবং খলিলনগর ইউপির চারটিসহ ২০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। কপোতাক্ষ নদের উপচে পড়া পানি ও বৃষ্টির পানি সরতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান মিয়াজান মোড়ল বলেন, ইউনিয়নের সাতটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের তিন-চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক শ ঘেরের মাছ ভেসে গেছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন জানান, মাঝিহারা, দেওয়ানীপাড়া, নওয়াপাড়া, খানপুর, রাঢ়ীপাড়া, খরাইলসহ ১৮টি বিদ্যালয়ে পানি উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, কপোতাক্ষ নদ দিয়ে পানি সরানোর জন্য নেট-পাটা (ঘন জাল) তুলে দেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য পাঁচ মেট্রিক টন চাল পাওয়া গেছে।