তালায় অতিবর্ষণে ২৫ গ্রাম প্লাবিত
অতিবর্ষণে সাতক্ষীরার তালা উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। অনেক জায়গায় বসতবাড়ির ভেতর পানি ঢুকেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও জমি। ভেসে গেছে চিংড়িঘের।
গতকাল মঙ্গলবার দুপুর থেকে টানা বৃষ্টি চলছে জেলায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছপালা। গতকাল দিবাগত রাত তিনটা থেকে সাতক্ষীরায় বিদ্যুৎ নেই।
তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, তাঁর ইউনিয়নে সদরের মহল্লাপাড়া, বারুইহাটি, খানপুর, জেয়ালানলতা, কেসমতঘোনা, শাহাপুর, মুড়াকুলিয়াসহ ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।
জালালপুরের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক জানান, অতিবর্ষণে তাঁর ইউনিয়নের কানাইদিয়া, কৃষ্ণকাটি, চরকানাইদিয়া, জেঠুয়া, নেহালপুর, জালালপুর, শ্রীমন্তকাটি, দোহারসহ আটটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার খানেক বিঘার চিংড়িঘের। ধানের খেতও তলিয়ে গেছে। তিনি বলেন, কপোতাক্ষ নদ ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া খলিলনগর ইউনিয়নের মহান্দি, গোনালীসহ পাঁচটি গ্রাম তলিয়ে গেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, অতিবর্ষণে উপজেলা পরিষদসহ ২৫টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। উপজেলা পরিষদের চৌহদ্দির ভেতর তাঁর বাসায়ও এক ফুট পানি জমেছে।