তালায় এবার বোরো চাষও অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে এবার সাতক্ষীরার তালা উপজেলায় বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।বিভিন্ন সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদের নাব্যতার সংকটের কারণে গত আগস্ট মাস থেকে উজানের পানি ও অতিবৃষ্টিতে উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। কিন্তু পানি নিষ্কাশিত না হওয়ায় তা স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে।৪ ডিসেম্বর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার শাহপুর বিল, কেশার বিল, মাদরার বিল, খেসরার বিল ও শাকদাহের বিলের কোথাও দেড় ফুট আবার কোথাও তিন-চার ফুট পানি জমে আছে।কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত আগস্ট মাসের বন্যায় উপজেলার কৃষকদের আমন ফসলের পাশাপাশি হলুদ ও পান নষ্ট হয়ে গেছে। চার মাসেও সরকারি-বেসরকারিভাবে বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। এ কারণে বোরো ও রবিশস্যের চাষ করা যাচ্ছে না।তালা ইউনিয়নের সাহাপুর গ্রামের কৃষক আবদুল কাদের জানান, এবার বন্যায় তাঁর পাঁচ বিঘা জমির আমন ফসল ভেসে গেছে। বিলে এখনো তিন ফুট পানি। কিন্তু তা নিষ্কাশন করা না হলে বোরো আবাদ সম্ভব হবে না। একই গ্রামের কৃষক মোজাহার হোসেন বলেন, বোরো আবাদ করতে না পারলে বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। কেসমত ঘোনা গ্রামের কৃষক মাসুম শেখ বলেন, ‘ঋণ নিয়ে তিন বিঘা জমিতে আমন চাষ করেছিলাম। বন্যায় সব ভেসে গেছে। নতুন করে বোরো ধান লাগানোর জন্যে বীজতলা করেছি। কিন্তু পানি সরানো না হলে চারা রোপণ করা সম্ভব হবে না।’উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসাদ্দেক আলী বলেন, অনেক কৃষক সেচ-পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে কিছু এলাকা থেকে পানি কমেছে। এবার উপজেলার ১২টি ইউনিয়নে ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৮০০ হেক্টর বেশি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বিলের পানি নিষ্কাশনের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি।