তালায় কপোতাক্ষ খনন প্রকল্প বাস্তবায়নে অনিশ্চ.য়তা
ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা আদালতে মামলা করায় সাতক্ষীরার তালা উপজেলায় পাখিমারা বিলে জোয়ারাধার নির্মাণের কাজ বন্ধ রয়েছে। এতে করে জলাবদ্ধতা দূরীকরণে ২৬২ কোটি টাকার কপোতাক্ষ খনন প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, কপোতাক্ষ খনন প্রকল্পের আওতায় উপজেলার ছয়টি মৌজায় পাখিমারা বিলে প্রায় দুই হাজার একর জমির ওপর জোয়ারাধার (টিআরএম) নির্মাণ করা হচ্ছে। কপোতাক্ষের অববাহিকায় জলাবদ্ধতা নিরসনের জন্য (প্রথম পর্যায়) পাখিমারা জোয়ারাধার প্রকল্পের বাঁধ নির্মাণ বাবদ পাঁচ কোটি ৭৪ লাখ আট হাজার ১৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। ১২ দশমিক ৭৮০ কিলোমিটার লম্বা এ বাঁধ নির্মাণের কাজ ২০১১ সালের ১২ মার্চ শুরু হয়। ২০১২ সালের ২৩ জুন নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।শনিবার সরেজমিনে দেখা গেছে, জোয়ারাধার বাস্তবায়নের জন্য বাঁধ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। বাঁধের এক-চতুর্থাংশ এখনো পর্যন্ত নির্মাণ করা হয়নি। প্রকল্প এলাকার জমিগুলোতে চিংড়ি চাষ হচ্ছে। কিছু জমি পতিত অবস্থায় পড়ে রয়েছে।বালিয়া গ্রামের আজগর হোসেন বলেন, প্রকল্প শুরুর আগে ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় তিনিসহ স্থানীয় ১০ জন জমির মালিক হাইকোর্টে মামলা করেন। আদালত ক্ষতিপূরণের টাকা দেওয়ার পর কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। ওই প্রকল্পের আওতার মধ্যে পড়া ২০ বিঘা জমির মালিক বালিয়া গ্রামের রইজুল ইসলাম সানা বলেন, ‘আমার আয়ের একমাত্র সম্বল এই জমি। ক্ষতিপূরণের টাকা না দিয়ে জমিতে বাঁধ দিলে না খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না।’তালা উপজেলা পানি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, আগামি চার মাসের মধ্যে পাখিমারা বিলে জোয়ারাধার প্রকল্প বাস্তবায়ন করা না গেলে কপোতাক্ষ আরও ভরাট হয়ে যাবে। এতে প্রকল্পভুক্ত এলাকায় পানি প্রবেশ করানো যাবে না। যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, হাইকোর্টে মামলা হওয়ায় জোয়ারধার প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জোয়ারাধার প্রকল্প এলাকার জমির জন্য বিঘাপ্রতি ১৩ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত মীমাংসার জন্য চেষ্টা চালানো হচ্ছে।