তালায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালানলতা গ্রামে সোমবার রাতে সাবিনা বেগম (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর ভাই আবদুল মাজেদ শেখ জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর বছর দেড়েক আগে জেয়ালানলতা গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর বোন সাবিনা খাতুনের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই জাহিদুল কথায় কথায় যৌতুকের জন্য তাঁর বোনকে মারপিট করতে থাকে। এভাবে কয়েকবারে তাঁর বোন তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে এসে স্বামীকে দিতে বাধ্য হয়েছে।সোমবার রাতে সাবিনা খাতুনকে ব্যবসা করার জন্য আরও ২০ হাজার টাকা নিয়ে আসতে বলে। এতে অপারগতা জানালে জাহিদুল লাঠি দিয়ে তাকে পেটায়। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে ও কিছুক্ষণ পরে তাঁর বোন মারা যায়। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক ফকির পান্নু মিয়া জানান, এ ঘটনায় নিহতের ভাই আবদুল মাজেদ শেখ জাহিদুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। মৃতের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।