সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। তালিকা থেকে সচ্ছল কৃষক, ব্যবসায়ী, চিকিৎসক ও রাজনীতিকদের নাম বাদ দিয়ে প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপপরিচালক আকবর হোসেন গত শনিবার তালার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি, ঘোষনগর, প্রসাদপুর ও রায়পুর গ্রামে যান। হাজরাকাটি গ্রামের আওয়ামী লীগের নেতা ও পল্লি চিকিৎসক রিয়াজউদ্দিনের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, ওই নেতা ও তাঁর স্ত্রীর নাম নিয়মবহির্ভূতভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে গ্রামের ধনাঢ্য কৃষক ও খলিলনগর ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছারউদ্দিনের স্ত্রী জাহানারা বেগমের নামও তালিকায় রয়েছে। তাঁর দোতলা বাড়ি ও ধানের গোলা রয়েছে। তালিকায় জাতীয় পার্টির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল হালিমের নামও রয়েছে। তিনিও একজন ধনাঢ্য ব্যবসায়ী।গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তালার একটি বাড়ি একটি খামার প্রকল্প: তালিকায় সচ্ছল কৃষক, ব্যবসায়ী, চিকিৎসক ও রাজনীতিক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।