তালায় পাঁচটি বোমা উদ্ধার গ্রেপ্তার ১
পাঁচটি বোমাসহ চরমপন্থী দলের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত নয়টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার খুলনা-সাতক্ষীরা সড়কের কাপাসডাঙ্গা এলাকা থেকে এসব বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অতিয়ার মোড়ল (৩০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের আফছার মোড়লের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, উপজেলার পাটকেলঘাটা থানার খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে কাপাসডাঙ্গা বিলে দুই ব্যক্তি সন্দেহজনকভাবে বসে ছিল। ঘটনাটি গ্রামবাসীর সন্দেহ হলে তাঁরা ওই বিল ঘেরাও করে পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আতিয়ার মোড়লকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক বিলের মধ্য থেকে একটি থলেয় রাখা পাঁচটি হাতবোমা উদ্ধার করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আতিয়ার মোড়লের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।