তালায় পানের দুটি বরজ পুড়ে ছাই
সাতক্ষীরার তালা উপজেলার বাইগুনি গ্রামে আগুনে পানের দুটি বরজ পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বরজগুলোর মালিক দাবি করেছেন। বরজের পাশ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।বাইগুনি গ্রামের আবুল কালাম ও আলাউদ্দিন সরদার জানান, রাঢ়ীপাড়ার প্রতাপ কুমার বিট পারকুরিয়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তিন বিঘা জমি ইজারা নিয়ে বাইগুনি গ্রামে পানের দুটি বরজ করেন। নির্জন স্থানে হওয়ায় স্থানীয় মাদকাসক্তরা প্রায়ই ওই বরজের পাশে বসে মাদক সেবন করত। ধারণা করা হচ্ছে, তাদের ফেলে যাওয়া সিগারেটের জ্বলন্ত অংশ অথবা অন্য কিছু থেকে বরজের পাটখড়ি ও খড়ে আগুন লাগে। এতে বরজ দুটি পুড়ে যায়। পানের বরজের মালিক প্রতাপ কুমার জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খবর পেয়ে তিনি পানের বরজে গিয়ে আগুন জ্বলতে দেখেন। স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে তিনি সহকারী উপপরিদর্শক তরিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। কিন্তু বরজ মালিক থানায় কোনো অভিযোগ না করায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি।