তালায় বন্যাদুর্গতরা বাড়ি ফিরে বাস করছে টংঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানি কমায় সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। অধিকাংশ মানুষ বাড়ি ফিরে ধসে পড়া ঘরবাড়ি সংস্কার বা নতুন করে ঘর তৈরি করতে না পেরে টংঘর বানিয়ে বসবাস করছে। অনেকে সড়কের পাশে টংঘর বানিয়ে বাস করছে। এদিকে এলাকায় কাজ না থাকায় এবং চলতি মাসে ত্রাণের কোনো বরাদ্দ না আসায় অনেকে মানবেতর জীবন যাপন করছে। গতকাল রোববার তালার ইসলামকাটি, খলিলনগর ইউনিয়নের ঘোনা, ঘোষনগর, লক্ষ্মণপুরসহ কয়েকটি গ্রাম ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ জানান, বন্যায় উপজেলার ৪২ হাজার ২৬৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। ঘোনা পালপাড়া এলাকার শ্যামলী দাশ (৭৫) জানান, তাঁর সংসারে সাতজন লোক। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় প্রায় তিন মাস ধরে তাঁদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে। তিনি বলেন, ‘গাছপালা মরে গেছে। নষ্ট হয়ে গেছে পানের বরজ। কোনো ফসল উৎপাদন করতে পারিনি। এক সপ্তাহ আগে বাড়ি ফিরেছি। কিন্তু ঘর নির্মাণ করতে না পারায় বাড়িতে টংঘর বেঁধে বসবাস করতে হচ্ছে। ঘরে খাবার নেই।’ স্থানীয় সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদের উপচে পড়া পানি এবং প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে চলতি বছরের আগস্টে উপজেলার প্রায় তিন লাখ মানুষ বাড়িঘর ছেড়ে তিন মাস বিভিন্ন আশ্রয়কেন্দ্র বা উঁচু স্থানে মানবেতর দিন কাটায়। খলিলনগর ইউপির চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু বন্যায় ঘরবাড়ি সব নষ্ট হয়ে যাওয়ায় বাড়ি ফিরেও তাদের টংঘরে বসবাস করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে। গৃহনির্মাণের জন্য সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা ত্রাণ কর্মকর্তা জাকির উর সাহেদ বলেন, চলতি মাসে এখনো ত্রাণের বরাদ্দ পাওয়া যায়নি।