তালায় বাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালপুর জলকপাট (স্লুইসগেট) সংলগ্ন কপোতাক্ষ নদের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার তালা উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাত দুইটার দিকে বাঁধটি ভেঙে যায়। তবে স্থানীয় অনেকের ধারণা, রাতে কে বা কারা বাঁধটি কেটে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, গোপালপুর জলকপাট-সংলগ্ন কপোতাক্ষ নদের ভাঙনকবলিত প্রায় ৩০ ফুট বেড়িবাঁধ দিয়ে হু-হু করে পানি ঢুকছে। ধীরে ধীরে বাড়ির আঙিনা, মাঠ ও ফসলের খেত তলিয়ে যাচ্ছে।তালা উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রহমান ও তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ খায়রুল ইসলাম জানান, বুধবার রাত দুইটার দিকে বাঁধটি ভেঙে যায়। এতে উপজেলা সদর ইউপির খানপুর, খড়েরডাঙ্গা, কিসমতঘোনা; ইসলামকাটি ইউপির ঘোনা, ভবানীপুর ও খারাইল গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ মেরামত করা না গেলে উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের নারানপুর, ঘোনা, ঢ্যামসাখোলা, গণডাঙ্গা, ধলবাড়িয়া, দেওয়ানিপাড়া, কলিয়া, কলাপোতা, আড়ংপাড়া, মৃজাপুর, কেশা, নোয়াকাটি, মাহমুদপুর, কিসমতঘোনা, খড়েরডাঙ্গা, খানপুর, মুড়াকলিয়াসহ ২৫ গ্রাম তলিয়ে যেতে পারে। এতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তালা উপজেলার খরাইল গ্রামের অনিল মণ্ডল, সাকান্ত মণ্ডল, দীনেশ মণ্ডলসহ অনেকে জানান, বাঁধ ভেঙে প্রবল বেগে আসা পানিতে বাড়ির আঙিনা ডুবে গেছে। এভাবে পানি আসতে থাকলে রাতের আগে অন্যত্র চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তালা সদরের খরাইল-ভবানীপুর ওয়ার্ডের ইউপি সদস্য নিরাপদ মণ্ডল জানান, বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তালার ইসলামকাটি ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক অভিযোগ করেন, বাঁধটি দুর্বল থাকলেও তা ভেঙে যায়নি। একটি মহল পরিকল্পিতভাবে রাতের আঁধারে বাঁধটি কেটে দিয়েছে। এতে প্রায় ২৫ গ্রামের মানুষ এখন বন্যা-আতঙ্কে রয়েছে। কয়েকটি গ্রামে ইতিমধ্যে পানি উঠে গেছে। যশোর অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।