তালায় বাজারে ডাকাতি, আটক পাঁচজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে ১৪টি দোকানে ডাকাতি হয়েছে। মুখোশ পরা ডাকাত দল এ সময় ওই সব দোকান থেকে প্রায় ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আটক ব্যক্তিরা হলেন তালার তেঁতুলিয়া বাজারের নৈশপ্রহরীর কাজে নিয়োজিত তেঁতুলিয়া গ্রামের রজব আলী, আমের আলী, ইদ্রিস সরদার, আবদুল আজিজ ও আজহারুল ইসলাম।
ইদ্রিস সরদার জানান, ২০ থেকে ২২ জন ডাকাত বুধবার ভোর রাতে বাজারে ডাকাতি করতে এসে তাঁদের পাঁচজনকে বেঁধে রাখে। এরপর ডাকাতেরা বিভিন্ন দোকানের তালা খুলে ও ভেঙে লুটপাট করে চলে যায়। ওই সময় তারা মুখোশ পরা ছিল।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।