তালায় ভূমিহীনদের জমি রাজনীতিকদের দখলে!
সাতক্ষীরার তালা উপজেলায় ভূমিহীনদের প্রায় ৮৪ একর খাসজমি বেদখল হয়ে গেছে। এসব জমি সরকার বেশ কয়েক বছর আগে তাদের নামে বন্দোবস্ত দেয়। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং প্রভাবশালী ব্যক্তিরা এসব জমি দখলে নিয়ে ভোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ভূমিহীনদের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা জমির দলিল হস্তান্তর করে তাঁদের দায়িত্ব সেরেছেন। কিন্তু জমির দখল বুঝিয়ে দেননি। দখল বুঝে পাওয়ার জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বেশ কয়েকবার আবেদন করেছেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি।বেসরকারি সংস্থা উত্তরণের একটি সূত্রে জানা গেছে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তালা উপজেলার ৪২২টি ভূমিহীন পরিবারকে প্রায় ২৪০ একর খাসজমি দলিলের মাধ্যমে বন্দোবস্ত দেওয়া হয়।সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, বন্দোবস্ত পাওয়া পরিবারগুলোর মধ্যে দেড় শতাধিক পরিবার তাদের জমির দখল বুঝে পায়নি। দখল না পাওয়া জমির পরিমাণ প্রায় ৮৫ একর।এ তথ্য সঠিক নয় দাবি করে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান হাবিব জানান, তাঁর দপ্তর থেকে যেসব জমি ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হয়, সেসবের দখলও বুঝিয়ে দেওয়া হয়।উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের ভূমিহীন হাফিজুর রহমান জানান, ২০১০ সালের জুন মাসে উপজেলা ভূমি কার্যালয় দলিল করে তাঁকে হরিহরনগর মৌজায় ৬৬ শতক খাসজমি বন্দোবস্ত দেয়। দেড় বছর পরও তিনি ওই জমির দখল পাননি। ওই জমি স্থানীয় বিএনপির কর্মী মোহাম্মাদ গাজী দখল করে রেখেছেন। জমির দখল বুঝে পেতে তিনি তালার ইউএনও বরাবর আবেদন ও জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেছেন। একই গ্রামের ভূমিহীন ইন্তাজ আলী বিশ্বাস জানান, দুই বছর আগে তাঁকে হরিহরনগর মৌজায় ৫০ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু ওই জমিও দখল করে রেখেছেন মোহাম্মাদ গাজী।মোহাম্মাদ গাজী জমি তাঁর দখলে থাকার কথা স্বীকার করে জানান, সম্প্রতি বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কাছে ওই সব জমির বৈধ কাগজপত্র আছে। খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের নাছের মোড়ল জানান, ২০০৭ সালের ২০ নভেম্বর তাঁকে হরিহরনগর মৌজায় ৬৬ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গফুর গোলদার ওই জমি ভোগদখল করেছেন।আওয়ামী লীগের নেতা গফুর গোলদার জানান, ওই জমি তিনি একই এলাকার ভূমিহীন কামালউদ্দিন সরদারের কাছ থেকে কিনেছেন। কামালউদ্দিনের নামে মাঠ জরিপ হয়েছে। তাঁর কাছে দলিলও আছে।সরেজমিন জানা গেছে, শুধু এ দুটি পরিবারই নয়, প্রভাবশালীরা হরিপুর মৌজার ৪০-৪৫টি পরিবারের জমি দখল করে রেখেছে। বছরের পর বছর ধরে ওই সব পরিবার তাদের জমির দখল বুঝে পাচ্ছে না।দলিল পেলেও জমির দখল বুঝে পাননি এমন আরও কয়েকজন অভিযোগ করেছেন। তাঁরা হলেন: উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুখবেদপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ধলবেড়ে গ্রামের মুক্তিযোদ্ধা নাজির হোসেন, সদর ইউনিয়নের শাহপুর গ্রামের হোসেন আলী মোল্যা, মুড়কুলিয়া গ্রামের মাজেদা খাতুন ও নগরঘাটা গুচ্ছগ্রামের তাজুল খাঁ। খেশরা ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী ভূমিহীনদের নাম বন্দোবস্ত দেওয়া জমি গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছে স্বীকার করে বলেন, জমি দখল বুঝে দিতে ব্যর্থ হয়ে তিনি ভূমিহীনদের সঙ্গে নিয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করিয়ে দিয়েছেন।খেশরা সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা তারক চন্দ্র মণ্ডল জানান, কয়েকজন ভূমিহীনের জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো কয়েকজনের জমি এলাকার প্রভাবশালীরা দখল করে রেখেছে। তাদের সামনে কেউ কথা বলতে সাহস পায় না। ইউএনও মাহাবুবুর রহমান জানান, নিয়মানুযায়ী ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। কাউকে বুঝিয়ে না দেওয়া হলে তাঁকে বুঝিয়ে দেওয়া হবে। যদি কাউকে বুঝিয়ে দেওয়ার পরও জমি বেদখল হয়ে যায়, তবে ফৌজদারি মামলা করতে হবে।