তালায় শালিখা নদী খননে অনিয়মের অভিযোগ
সাতক্ষীরার তালা উপজেলায় জলাবদ্ধতা দূর করতে ১০ কোটি টাকা ব্যয়ে শালিখা নদী খননে অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র অনুযায়ী কাজ না করে যেনতেন উপায়ে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।তবে ঠিকাদারদের কাজ তদারকের দায়িত্বে থাকা শামিম চাকলাদার জানান, অনেক দেরিতে কার্যাদেশ দেওয়া হয়েছে। সামনে বর্ষা মৌসুম। এ সময় যাতে জলাবদ্ধতা তৈরি না হয়, সে জন্য স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলীর পরামর্শে নদী সম্পূর্ণ খনন করা হচ্ছে না। তবে সাংসদ এমন পরামর্শ দেওয়ার কথা অস্বীকার করেছেন।পাউবো সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে শালিখা নদীর নয় কিলোমিটার পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় ১০ কোটি নয় লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মো. শামিম আহসান, সিসিএল-এমএসআই (জেভি), এমজিআর-এসএভি (জেভি), মো. নূর হোসেন ও মেসার্স কপোতাক্ষ এন্টারপ্রাইজ নামের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করছে। দরপত্র অনুযায়ী নদীর তলদেশ ৩০ মিটার প্রস্থ, ওপরে ৪২ মিটার প্রস্থ ও তিন মিটার গভীর করে কাটার কথা।গত রোববার তালার খেসরা ইউনিয়নের শালিখা এলাকায় গিয়ে দেখা যায়, নদী দেড় থেকে দুই মিটার গভীর, তলদেশে ১৬-১৮ মিটার প্রস্থ ও ওপরে ১৮-২২ মিটার প্রস্থ করে খনন করা হয়েছে। খেসরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম জানান, কার্যাদেশ অনুযায়ী খনন করা হচ্ছে না। বর্ষা শুরু হলে কাজ না করেই ঠিকাদারেরা বিল তুলে নেবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শালিখা গ্রামের রবীন্দ্র গাইন জানান, নদী নির্দিষ্ট স্থানে খনন না করে দক্ষিণ দিকে অনেকটা ভেতরের দিকে এসে কাটায় তাঁদের ১৬ শতক জমির নদীর সীমানায় চলে যাচ্ছে। একই অভিযোগ করেন ওই গ্রামের শম্ভু সরকার, সুভাষ মণ্ডল, বিশ্বনাথ মণ্ডলসহ অনেকে।কাজের তদরকে থাকা শামিম চাকলাদার জানান, চলতি বছর নদী সম্পূর্ণ খনন করা হচ্ছে না। যাতে পানি নিষ্কাশন হতে পারে, সে জন্য একটি চ্যালেন কাটা হচ্ছে। প্রস্থে নদীর তলদেশ ও ওপরে কিছুটা কম কাটা হয়েছে। আগামী অর্থবছরের মধ্যে দরপত্র অনুযায়ী সব কাজ করা হবে। যে পরিমাণ কাজ করা হয়েছে, ওই পরিমাণ কাজের বিল করা হবে।এ ব্যাপারে জানতে পউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ মুজিবুর রহমান বলেন, ‘কপোতাক্ষ নদ প্রকল্পের কাজ দরপত্র অনুযায়ী করতে হবে। আমি কাউকে দরপত্রের বাইরে কাজ করার পরামর্শ দিইনি।’