তালায় শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
সাতক্ষীরার তালা উপজেলায় আট দিনের শিশুকন্যাকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শ্যামলী ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার রায়পুর গ্রামের বাড়ি থেকে পুলিশ শ্যামলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শ্যামলী উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের মানিক ঘোষের স্ত্রী।
মানিক ঘোষের বড় ভাই রনজিৎ ঘোষ বলেন, তাঁর ছোট ভাইয়ের স্ত্রী শ্যামলীর আরও তিনটি কন্যাসন্তান রয়েছে। অভাব–অনটনের সংসারে আবারও তাঁদের কন্যাসন্তান হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে মানিক ঘোষ বাড়ি ছেড়ে চলে যান।
রনজিৎ ঘোষ আরও বলেন, শ্যামলী ঘোষ উপায়ান্ত না পেয়ে মঙ্গলবার ভোর রাতে আট দিন বয়সী শিশুকন্যাকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। বাড়ির লোকজন সারা দিন শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শ্যামলী ঘোষ রাতে বিভ্রান্তিমূলক কথা বলতে থাকেন। পরে তাঁরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি (শ্যামলী ঘোষ) শিশুটিকে পুকুরে ফেলে দিয়েছেন। এরপর রাত ১১টার দিকে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান ও তালা থানা–পুলিশে খবর দেন। বুধবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, এ ঘটনায় রনজিৎ ঘোষ বাদী হয়ে ছোট ভাইয়ের স্ত্রী শ্যামলী ঘোষকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ শ্যামলীকে গ্রেপ্তার করেছে। ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।