তালায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার তালা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় পিটুনিতে আহত হয়েছেন আরও দুজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম (৩৮)। তিনি তালা উপজেলার পুটিয়াখালী গ্রামের বাসিন্দা। আশরাফুল ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। আহত দুজন হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার যুগিপুকুরিয়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বিশ্বাস (৩৫) এবং যুগিখালী এলাকার আক্তারুল আলমের স্ত্রী রাফিজা খাতুন (৩৪)। আনোয়ারের ভাষ্যমতে, বৃহস্পতিবার তাঁরা তিনজন যশোরের কেশবপুর উপজেলার বুড়িআটি এলাকায় বিয়ের কনে দেখতে গিয়েছিলেন। পরে রাত আটটার দিকে তাঁরা এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে আশরাফুলকে তাঁর পরিচিত কেউ ফোন দিয়ে রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যেতে বলে। সেখানে পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলের মাথায় আঘাত করে। এ সময় তাঁকে ও রাফিজাকেও পেটায় দুর্বৃত্তরা। একপর্যায়ে তাঁরা দুজন পালিয়ে আসতে সক্ষম হন। স্থানীয় পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) নিকুঞ্জ কুমার কুণ্ড জানান, খবর পেয়ে পুলিশ রাত নয়টার দিকে লাশ উদ্ধার করে।