তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ওই এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে দুজন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলো তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামের আবুল হোসেন শেখের ছেলে ইসরাফিল শেখ (২৮) এবং একই গ্রামের জিল্লুর রহমানের সাত বছরের শিশু জুঁই।

দুর্ঘটনার শিকার ভ্যানের যাত্রী মির্জাপুরের বাসিন্দা আবদুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আঠারো মাইল এলাকা থেকে সাতজনকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে কয়েকজন ছিটকে পড়ে আর দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ দুজন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মিনি ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।