তালায় হাজারো মানুষ পানিবন্দী এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও টানা বৃষ্টিতে মাস খানেক ধরে ডুবে আছে সাতক্ষীরা তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের নাছিমা ও ফরিদার বসতঘর। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও টানা বৃষ্টিতে মাস খানেক ধরে ডুবে আছে সাতক্ষীরা তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের নাছিমা ও ফরিদার বসতঘর। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের অনেক এলাকায় প্রায় এক মাস ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ইউনিয়নগুলোর ৬২টি গ্রামের আট হাজারের বেশি মানুষ দুর্ভোগে পড়েছে। নষ্ট হয়েছে ফসলের খেত। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুর।
সরেজমিনে গত মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার কৃষ্ণকাটি, কানাইদিয়া ও চরকানাইদিয়া এলাকায় দেখা গেছে, অধিকাংশ বাড়ির আঙিনায় হাঁটুপানি। অনেক ঘরের ভেতরেও পানি। শুধু কৃষ্ণকাটি গ্রাম থেকে ১৯৭টি পরিবার আশ্রয় নিয়েছে মানিকতলা মাধ্যমিক বিদ্যালয়, মানিকতলা প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠে। পলিথিনের ছাউনি দিয়ে খুপরি ঘর বানিয়ে থাকছেন অনেকে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলা, কৃষি, সমাজসেবা, মৎস্য ও পল্লি দারিদ্র্যবিমোচন কার্যালয়ের ভেতরেও পানি ঢুকেছে। দাপ্তরিক কাজ অন্য জায়গায় করা হচ্ছে।
জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের নাছিমা খাতুন বলেন, এক মাস আগে তাঁরা বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন মানিকতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। মাঝেমধ্যে গ্রামে এসে দেখে যান মাচায় তুলে রেখে আসা জিনিসপত্র আছে কি না।
একই গ্রামে পানিবন্দী অবস্থায় বসবাসরত রমেনা খাতুন জানান, কোনো রকমে ঘরের মধ্যে মাচা করে বসবাস করছেন। ঘর থেকে বের হতে পারেন না। এর মধ্যে সাপের উপদ্রব বেড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, কোমেনের প্রভাব ও অতিবৃষ্টির কারণে তালা উপজেলার ১২ ইউনিয়নের ৯৭ দশমিক ৬০ বর্গকিলোমিটার এলাকা পানিতে ডুবে গেছে। ৩৫৩ একরের ধানসহ বিভিন্ন খেত নষ্ট হয়েছে। ৬২টি গ্রামের ৮ হাজার ৫৭০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার ৬৫৪ একর জমির চিংড়িঘের ও ৬৩টি পুকুর ভেসে গেছে। ইউনিয়নের ৪৯ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক এবং ২৭ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানিকতলা মাধ্যমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বৃদ্ধ অমেদ আলী মোড়ল, মুনসুর আলী সরদার ও জ্যোৎস্না খাতুন ও আয়শা খাতুনসহ অনেকেই বলেন, তাঁরা কোনো বেলায় খেয়ে আবার কোনো বেলা না খেয়ে দিন কাটাচ্ছেন। চারদিকে পানি থাকায় এলাকায় কাজের সুযোগ নেই। তাঁরা কোনো ধরনের সহযোগিতাও পাননি।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মূলত বৃষ্টির পানি সরতে না পারার কারণে কানাইদিয়া, চরকানাইদিয়া, কৃষ্ণকাটি, ঘোষনগর, গঙ্গারামপুরসহ ৬০-৭০টি গ্রাম মাস খানেক ধরে পানিতে ডুবে আছে। তবে বর্তমানে জালালপুর ও খেসরা ছাড়া অন্য ইউনিয়নগুলোতে পানি কমতে শুরু করেছে। আর ইউএনওর কার্যালয়ের নিচতলার বারান্দায় এখনো পানি আছে।
ইউএনও মাহবুবুর রহমান বলেন, পানিনিষ্কাশনব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টি হলে উপজেলা পরিষদ এলাকাসহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে।