তালায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালায় গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে অাবদুল গফফার পাঁড় নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন আরও একজন৷ আহত সাইফুল ইসলামের দাবি, পুলিশ ধরে নিয়ে তাঁর পায়ে গুলি করেছে৷ আর আবদুল গফফারের কীভাবে মৃত্যু হয়েছে তা তিনি জানেন না৷
তবে পুলিশ বলছে, আবদুল গফফার চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার৷ তাঁর বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৬টি মামলা রয়েছে৷ অার গুলিবিদ্ধ সাইফুল ইসলাম স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স ম আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি৷ তাঁর বিরুদ্ধে আরও তিনটি পৃথক মামলা রয়েছে৷
নিহত আবদুল গফফার (৪৫) তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আবু পাঁড়ের ছেলে৷ আর আহত সাইফুল ইসলাম (৪২) সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের কাজী আবদুল ওহাবের ছেলে।
তালা থানার ওসি শেখ আবু বকর সিদ্দিক দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি গুলি, দুটি গুলির খোসা, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ সময় থানার দুই কনস্টেবল মহিদুল ইসলাম ও হাফিজ উদ্দীনও আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জ্যোতির্ময় সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আবদুল গফফার মারা যান। তাঁর বুকের নিচে গুলি লেগেছে। আর সাইফুলের গুলি লেগেছে দুই হাঁটুর নিচে৷ তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, সাইফুলের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
সদর হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, গত শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কুশলিয়া এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। তিন দিন আটক রাখার পর সোমবার রাতে তালার টেংরা এলাকার বিল নিয়ে তাঁর দুই পায়ে গুলি করা হয়। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় যশোরের কেশবপুর সদর থেকে আবদুল গফফারকে আটক করা হয়। তাঁদের দুজনকেই একসঙ্গে রাখা হয়েছিল।
যশোর: যশোর শহরে গতকাল মঙ্গলবার হাফিজুর রহমান (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মনা মিয়ার ছেলে। স্থানীয় আহাদ জুট মিলে শ্রমিকের কাজ করতেন তিনি।