তালিকা ও কার্ড ছাড়াই খাদ্যশস্য বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে নির্ধারিত সময়ের তিন মাস পরও ‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট’ (ভিজিডি) কর্মসূচির উপকারভোগী নারীদের তালিকা চূড়ান্ত করতে পারেনি প্রশাসন। ১৫ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণের কথা থাকলেও উপজেলা ও ইউনিয়ন ভিজিডি কমিটির মধ্যে সমন্বয়হীনতার কারণে উপজেলায় আজ পর্যন্ত এ প্রক্রিয়া শেষ হয়নি। উল্টো ভিজিডি তালিকা তৈরিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী ভিজিডি কার্ড বিতরণ শেষে খাদ্যশস্য বিতরণের কথা থাকলেও উপজেলার সদর (আহমেদাবাদ), জিন্দারপুর, পুনট ও মাত্রাই ইউনিয়নে কার্ড বিতরণ না করেই গত দুই মাসের খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আর উদয়পুর ইউপি চেয়ারম্যান বিধি লঙ্ঘন করে ৩১২ জন দুস্থের প্রায় ১৯ মেট্রিক টন গম তুলে নিয়েছেন।সূত্র জানায়, নিয়ম অনুযায়ী তালিকা প্রণয়ন করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পৃথক দুটি কমিটি গঠন করতে বলা হয়। ইউনিয়ন ও উপজেলা ভিজিডি কমিটিতে গণ্যমান্য ও বিশিষ্টজনের কোটায় স্থান পায় প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের আস্থাভাজন ব্যক্তি এবং সরকারি দলের নেতা-কর্মীরা। তাঁরা নাম তোলার নামে অনেকের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ আছে। এসব অনিয়মের কথা উল্লেখ করে গত ৮ ফেব্রুয়ারি মাত্রাই ইউপির সদস্য ফাতেমা বেগম এবং ২৪ ফেব্রুয়ারি উদয়পুর ইউপির সদস্য শাহনাজ রেনু জয়পুরহাট সহকারী জজ আদালতে পৃথক দুটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তালিকায় যাঁদের নাম আছে, তাঁরা অবস্থাপন্ন্ন, কমিটির পছন্দের লোকজন এবং দলীয় নেতা-কর্মী। এদিকে উপজেলার চারটি ইউনিয়নে ৩ মার্চ একসঙ্গে ভিজিডির দুই মাসের খাদ্যশস্য বিতরণ করা হয়। তালিকা চূড়ান্ত এবং কার্ড বিতরণ না হলেও উদয়পুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু সাঈদ মো. রকিব উদ্দিন গত ২৮ নভেম্বর তাঁর ইউনিয়নের ৩১২ জন দুস্থের দুই কিস্তির ১৮ দশমিক ৭২০ মেট্রিক টন গম তুলে নেন।ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মো. রকিব উদ্দিন বলেন, দুস্থদের মধ্যে বিতরণের জন্য গম তোলা হলেও উপজেলা কমিটি থেকে ভিজিডি কার্ড না পাওয়ায় তা আজ পর্যন্ত বিতরণ করা যায়নি। তা ছাড়া দুস্থদের তালিকায় অর্থের বিনিময়ে শতাধিক অযোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জিন্দারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম অভিযোগ করেন, এই তালিকায় নাম তোলার জন্য অনেকের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও কর্মকর্তারা এ টাকা ভাগাভাগি করে নিয়েছেন।হাতিয়র গ্রামের আনোয়ারা নামের এক দুস্থ নারী বলেন, তালিকায় নাম তোলার জন্য কমিটির একজন সদস্য দুই হাজার টাকা চেয়েছিলেন। টাকা দিতে না পারায় তালিকায় নাম ওঠানো হয়নি।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নাসরীন জাহান বলেন, সংশ্লিষ্টদের অসহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে তালিকা চূড়ান্ত করা যায়নি। চারটি ইউনিয়নে ভিজিডি কার্ড ছাড়াই প্রথম দুই মাসের খাদ্যশস্য বিতরণ করতে হয়েছে। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে ইতিমধ্যেই ভিজিডি কার্ড সরবরাহ করা হয়েছে। আর একজন চেয়ারম্যান বরাদ্দকৃত গম বিধিবহির্ভূতভাবে নিজের কাছে রেখেছেন।উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, ‘তালিকায় নাম তোলার নামে দুস্থদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আমিও শুনেছি। বিষয়টি দায়িত্বশীল ব্যক্তিদের জানিয়েছি।’উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ও ইউএনও মো. আবদুর রহিম বলেন, ‘রাজনৈতিক চাপ থাকায় উপজেলায় ভিজিডির সুবিধাভোগীদের স্বচ্ছ তালিকা করা যায়নি। তালিকায় নাম তোলার সময় কেউ টাকা নিলে তা অন্যের নাম ভাঙিয়ে নেবে, এটাই স্বাভাবিক; তবে এ আর্থিক লেনদেনের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই।’ কার্ড ছাড়াই গম বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে ছোটখাটো কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে, ভবিষ্যতে তা আর হবে না। উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ৩১২ জন দুস্থ নারীর যে গম গচ্ছিত আছে, তা এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।