তালিকা করে বিরোধী নেতা-কর্মীদের সরকার খুন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, তালিকা (হিট লিস্ট) করে সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের খুন করছে। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনের নামে আসন ভাগাভাগি করে গঠিত সরকার হবে ‘অনির্বাচিত’। এ সরকারকে জনগণ মেনে নেবে না।

বিএনপির এই নেতা বলেন, সরকার দলীয় ক্যাডারদের নিয়ে বিরোধী দলের আন্দোলনকে দমাতে সিদ্ধান্ত নিয়েছে। এরপরই দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শাসকদলীয় ক্যাডাররা বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে হামলা শুরু করেছে। যৌথ বাহিনী নামিয়ে সরকার তালিকা তৈরি করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের খুন করা শুরু করেছে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৮-দলীয় জোটের নেতাদের হত্যা-গুম করার দায় থেকে নির্বাচন কমিশন রেহাই পেতে পারে না। আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে ভবিষ্যতে অবশ্যই এসব ঘটনার জন্য জবাবদিহি করতে হবে।

স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করেন, গত কয়েক দিনে লক্ষ্মীপুর, জয়পুরহাট, সাতক্ষীরা, নীলফামারী, নোয়াখালী, লালমনিরহাট ও যশোরে ২৫ জনের মতো নেতা-কর্মী নিহত হয়েছেন। যশোরে বিএনপির নেতা মাসুদুর রহমানকে আওয়ামী সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। বিএনপির সাবেক তথ্য সম্পাদক এহসানুল কবিরকে তাঁর বাসা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাঁর স্ত্রী জানিয়েছেন, কবির কোথায় আছেন, তা তিনি এখনো জানেন না।

নজরুল ইসলাম বলেন, সরকার তামাশার নির্বাচনে ‘বানরের পিঠা ভাগের’ মতো সংসদীয় ১৫৪ আসন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। ১৪৬টি আসনেও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে পিঠা ভাগাভাগি করার নির্লজ্জ কৌশল নিয়েছে। তিনি বলেন, সরকার দেশে গৃহযুদ্ধের বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। এর জন্য সরকারের চরম একগুঁয়েমি, ক্ষমতার লোভ ও অগণতান্ত্রিক রাজনীতি দায়ী।

দশম জাতীয় সংসদ নিয়ে আলোচনার আর কোনো অবকাশ নেই—একাদশ সংসদের বিষয় নিয়ে সংলাপ হতে পারে, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনাও করেন নজরুল ইসলাম। তিনি বলেন, তাঁর বক্তব্যের সঙ্গে সরকারের অন্য মন্ত্রী ও নেতাদের বক্তব্যের কোনো মিল নেই। জাতিসংঘের উদ্যোগে যে সংলাপ চলছে তা দশম জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য। এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এখনো সমঝোতার সময় আছে। ‘ফলাফল’ বাতিল করে নতুন করে দশম সংসদ নির্বাচনের তফসিল করা সম্ভব।

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের সংসদে প্রস্তাব পাসের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, সরকার গণ-আন্দোলন দমাতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করে দেশ বিভক্ত করেছে। তাই অন্য দেশ এ ধরনের প্রস্তাব পাস করতে পারছে। এ নিয়ে প্রতিবাদ জানানো সরকারের দায়িত্ব। সরকারের আরও আগেই এর প্রতিবাদ জানানো উচিত ছিল।

নজরুল ইসলাম বলেন, বিএনপি সব সময় যুদ্ধাপরাধের বিচার চেয়েছে। কিন্তু সরকার যা করছে তা যুদ্ধাপরাধ নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার। এ দুটি এক নয়। এ বিচার নিয়ে সারা বিশ্বে কিছু আপত্তি আছে। বিএনপি সব সময় স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের কথা বলেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি দাবি করেছে, গতকাল চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে তিনজন নিহত, ১৭১ জন গ্রেপ্তার এবং পুলিশ ও সরকারদলীয়দের হামলায় ২৫১ জন আহত হয়েছেন। এ ছাড়া চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।