তালিকা করেই দায় সারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিনতলা সমবায় ভবন। এই ভবনে বর্তমানে দেড় শতাধিক দোকান রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনটি এখন জরাজীর্ণ। দুর্ঘটনার শঙ্কায় ইতিমধ্যে কয়েকটি দোকান সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। ভবনটি ‘চরম ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও এটি ভাঙতে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না।
নগরের এ রকম ২৯টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিটি করপোরেশন। এর মধ্যে চরম ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার জন্য এবং ‘ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত নিয়ে ‘রেক্টোফেডিং পদ্ধতি’ অবলম্বন করে সমস্যা দূর করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, চরম ঝুঁকিপূর্ণ ভবনগুলো কেন ভাঙা হবে না, সে বিষয়ে বিপণিবিতান ও ভবনের কয়েকজন মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশের জবাব দিতে কেউ কেউ সপ্তাহ থেকে মাস খানেক সময় চেয়েছেন। আবার অনেক ভবনের মালিক বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের ভবন ঝুঁকিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যাঁরা এর অন্যথা করবেন, দ্রুত সেসব জায়গায় সিটি করপোরেশন অভিযান চালাবে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালে নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে সিটি করপোরেশন। সপ্তাহ খানেক আগে এই তালিকায় যোগ হয় আরও চারটি ভবন। এগুলোর মধ্যে সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান ও ব্যক্তিমালিকানাধীন ভবন রয়েছে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, চরম ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০১২ সালে একদফা নোটিশ দেওয়া হয়। কিছুদিন আগেও পাঠানো হয় নোটিশ। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের উদ্যোগে ভবন ভাঙার বিষয়ে অনুরোধ জানানো হয়। এর বাইরে অপর ভবনগুলোর ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত নেওয়ার পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে নোটিশে।
জানতে চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান জহির বিন আলম বলেন, তালিকাভুক্ত ২৯টি ভবনের মধ্যে রেক্টোফেডিং পদ্ধতি অবলম্বন করে কোনো ভবন না ভেঙে ঝুঁকিমুক্ত করা যায় কি না, তা ওই বিশেষজ্ঞরাই মতামত দেবেন। আবার যেগুলোতে এ পদ্ধতি অবলম্বন করা যায় না, সেগুলো ভেঙে ফেলার ব্যাপারে মতামত দিতে পারে ওই কমিটি। সিটি করপোরেশনের প্রশাসনিক শাখা জানায়, তালিকাভুক্ত চরম ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সরকারি প্রতিষ্ঠান চারটি। এগুলো হচ্ছে কালেক্টরেট ভবন-৩, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়, কাস্টমস ও ভ্যাট অফিস এবং জেলা এসএ রেকর্ড অফিস। ঝুঁকিপূর্ণ তালিকায় আছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও।
আটটি ঝুঁকিপূর্ণ বিপণিবিতানের তালিকায় রয়েছে সমবায় ব্যাংক ভবন, মধুবন মার্কেট, রাজা ম্যানসন, সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, রহমান প্লাজা ও মিতালি ম্যানসন। এর বাইরে আজমির হোটেলসহ ১৩টি বাসাবাড়ি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামতের ভিত্তিতেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রকৌশলী নূর আজিজুর রহমান।