তালিকা করেই দায় সারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের বড় বাজার এলাকার ক্লে রোডের ২৬ নম্বর ভবনটি শত বছরের পুরোনো। ঝুঁকিপূর্ণ এই ভবনের নিচতলায় ১০–১৫টি দোকান রয়েছে। পাশ দিয়ে রোজ হেঁটে যায় শত শত মানুষ। ছবিটি সোমবার তোলা l প্রথম আলো
খুলনা নগরের বড় বাজার এলাকার ক্লে রোডের ২৬ নম্বর ভবনটি শত বছরের পুরোনো। ঝুঁকিপূর্ণ এই ভবনের নিচতলায় ১০–১৫টি দোকান রয়েছে। পাশ দিয়ে রোজ হেঁটে যায় শত শত মানুষ। ছবিটি সোমবার তোলা l প্রথম আলো

খুলনা নগরের বড় বাজার এলাকার ক্লে রোডের ২৬ নম্বর ভবনটি শত বছরের পুরোনো। এই ভবনের নিচতলায় বর্তমানে ১০-১৫টি দোকান। আর দোতলায় ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ও একটি গুদাম। কিন্তু ভবনটি এত জরাজীর্ণ যে সংস্কারেরও উপায় নেই। ‘ঝুঁকিপূর্ণ’ লেখা একটি সাইনবোর্ড ঝোলানো থাকলেও ভবনটি ভাঙার উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।
বড় বাজারসহ বিভিন্ন এলাকায় এ রকম ৫৩টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাছে। সাম্প্রতিক ভূমিকম্প ও টানা বৃষ্টিতে এসব ভবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ এসব ভবনে কয়েক শ পরিবারের বসবাস। রয়েছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানও।
গত ২৭ জুন নগরের আহসান আহমেদ রোডে জরাজীর্ণ ভবনধসে আবিদা আরিফিন শাপলা নামের এক স্কুলছাত্রী মারা যায়। পরের দিন খুলনা জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় জানমালের নিরাপত্তার স্বার্থে বসবাসের অনুপযোগী সব ভবন পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত সিলগালা করার সিদ্ধান্ত হয়। এটিও এখন পর্যন্ত কার্যকর হয়নি।
জানতে চাইলে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান বিশ্বাস কেসিসির পরিত্যক্ত ভবন ঘোষণা কমিটির আহ্বায়ক নির্বাহী প্রকৌশলী-৩ মশিউজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
মশিউজ্জামান খান বলেন, সর্বশেষ ২০১৩ সালে ভবন অপসারণের চিঠি পাঠানো হয়। কিন্তু ঝুঁকিপূর্ণ বেশির ভাগ ভবনের মালিকানা নিয়ে মামলা থাকায় তা ভাঙা সম্ভব হচ্ছে না। বর্তমানে ম্যাজিস্ট্রেটও নেই। ভবনগুলো ভাঙতে দেরি হলেও লোকজন সরিয়ে নিয়ে সেগুলো যাতে তালাবদ্ধ করা যায়, সে ব্যাপারে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে শিগগির একটা সভা ডাকার চিন্তাভাবনা চলছে।

ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে জেলা প্রশাসনের টাঙানো নোটিশের তোয়াক্কা করছে না লোকজন l প্রথম আলো
ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে জেলা প্রশাসনের টাঙানো নোটিশের তোয়াক্কা করছে না লোকজন l প্রথম আলো


২০১০ সালের ১৪ জুন নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে কেসিসি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সেখানে কেডিএর পক্ষ থেকে ৯৪টি ও কেসিসির পক্ষ থেকে ৫৯টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা জমা দেওয়া হয়। পরের সভায় ওই ১৫৩টি ভবন থেকে প্রাথমিকভাবে ৪৮টি ভবনকে তিন ভাগে ভাগ করা হয়। ওই বছরের ২৯ আগস্ট ২৬টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলা, ১৭টি ভবনের নিচতলা রেখে বাকি অংশ ভেঙে ফেলা ও পাঁচটি ভবনের সম্প্রসারিত অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। এরপর ভবন ভেঙে ফেলতে দুই মাসের সময় দিয়ে নোটিশও দেওয়া হয়। কিন্তু পরে এ-সংক্রান্ত কার্যক্রম আর এগোয়নি।
এরপর ২০১৩ সালে ফের নোটিশ দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভবন অপসারণে ব্যর্থ হলে স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) ২০০৯ অনুযায়ী (করপোরেশন ভবন ভেঙে দেবে এবং এর খরচ মালিককে বহন করতে হবে) ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সে সময়ও এ নোটিশ পর্যন্তই সব। সম্প্রতি ২০টি ভবনের একটি তালিকা করপোরেশনের কাছে জমা পড়ে। এর মধ্যে পাঁচটি ভবনের জরিপ শেষে পাঁচটিকেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় যোগ করা হয়েছে বলে জানান ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ কারিগরি কমিটির সদস্যসচিব ও কেসিসির নির্বাহী প্রকৌশলী-২ লিয়াকত আলী খান।
লিয়াকত আলী খান বলেন, ‘চরম ঝুঁকিপূর্ণ ২৬টি ভবনের মধ্যে জেলা প্রশাসনের মালিকানাধীন ১২টি ও গণপূর্তের আটটি ভবন রয়েছে। বাকিগুলো নিয়ে মামলা চলছে। সরকারি ভবনগুলো আমরা ভাঙতে পারি না। সংশ্লিষ্টদের ভাঙার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তা ছাড়া একেকটি ভবন অপসারণে পাঁচ-ছয় লাখ টাকা করে খরচ। একে তো ভবনের প্রকৃত মালিক পাওয়া যায় না, তার ওপর মালিকেরা টাকা দিতেও রাজি নয়। এ জন্য ভবন অপসারণ করা যাচ্ছে না।’
সিটি করপোরেশনের গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ভবনগুলো কেডি ষোষ রোড, হেলাতলার মোড়, ক্লে রোড, ওয়েস্ট মেকট রোড, কালীবাড়ি রোড, ভৈরব স্ট্যান্ড রোড, তুলাপট্টি, পিসি রায় রোড, পুরাতন যশোর রোড, ধর্মসভা রোড, শের-ই বাংলা রোড, স্যার ইকবাল রোড, বানিয়াখামার রোড, সিমেট্রি রোড, সাউথ সেন্ট্রাল রোড ও খালিশপুর হাউজিং এস্টেটে অবস্থিত।
খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ‘ঝুঁকিপূর্ণ সব ভবন সিলগালা করার জন্য কেসিসির কাছে তালিকা চাওয়া হয়েছে। তা ছাড়া এর মূল দায়িত্ব করপোরেশনের। তাদের ম্যাজিস্ট্রেট আছে, ভাঙার মতো সব সরঞ্জামও আছে। তারা চূড়ান্ত উদ্যোগ নিলে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব।’